রাস্তাঘাট সংস্কার করা না হলে গণবিস্ফোরণ ঘটতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বেহাল রাস্তাঘাট সংস্কার করা না হলে দেশে মিসর, চিলির মতো গণবিস্ফোরণ ঘটতে পারে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আশঙ্কা ব্যক্ত করেন। তাঁরা যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।সিটিজেন রাইটস মুভমেন্টস ‘ঈদ উপলক্ষে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধি প্রতিরোধ ও যোগাযোগ সমস্যা নিরসনে ঘরমুখো মানুষের প্রত্যাশা’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।আলোচনায় অংশ নিয়ে গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, তারেক মাসুদ, মিশুক মুনীরের মৃত্যুর পর অনেক আলোচনা হচ্ছে। সরকারও নানা কথা বলছে। এর আগেও এ রকম হয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য দু-চার দিন এ রকম হবে। কিন্তু কাজ কিছুই হবে না। এ অবস্থা চলতে থাকলে মিসর, চিলিতে যা হয়েছে এখানেও তাই হবে বলে মন্তব্য করেন তিনি। সংকট নিরসনে দ্রুত স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন সৈয়দ আবুল মকসুদ। যোগাযোগমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রী মন্ত্রিসভা থেকে বাদ পড়লে তিনি অত্যন্ত খুশি হবেন বলেও মন্তব্য করেন এই গবেষক।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটিজেন রাইটস মুভমেন্টসের আহ্বায়ক তুষার রেহমান। অন্যদের মধ্যে সাবেক সচিব মহিউদ্দিন আহমদ, সিপিবির নেতা রুহিন হোসেন, লেখক মাহবুব তালুকদার প্রমুখ আলোচনায় অংশ নেন।