রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে সাংসদদের ক্ষোভের মুখে যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে রাস্তাঘাট সংস্কারের বেহাল দশা নিয়ে সাংসদদের ক্ষোভের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। জবাবে রাস্তা সংস্কারের জন্য কোনো অর্থ নেই দাবি করে মন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ায় যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে এসব কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি ধর্মগ্রন্থ বাইবেল উদ্ধৃত করে রাস্তা সংস্কারের কাজে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদে আজ মঙ্গলবার প্রশ্নপর্ব ছিল যোগাযোগ মন্ত্রণালয়কে ঘিরেই। সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক তাঁর এলাকার রাস্তাঘাটের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, তাঁর এলাকার জন্য কমপক্ষে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন।গাজীপুরের সাংসদ মেহের আফরোজ তাঁর এলাকায় উন্নয়ন কাজ তো দূরের কথা, সংস্কারও কেন হচ্ছে না, তা জানতে চান? স্পিকার আবদুল হামিদও রাস্তাঘাটের কাজে মন্ত্রীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘কাজে মন্থর গতির কারণ অর্থ বরাদ্দ না থাকা। প্রয়োজনীয় টাকা না পেলে আমাকে শুধু প্রশ্নবাণেই জর্জরিত হতে হবে। কিন্তু কিছু করার থাকবে না।’ তিনি বলেন, সারা দেশে রাস্তাঘাট সংস্কারের জন্য এক হাজার ৪১০ কোটি টাকা দরকার।সাংসদ রহমত আলী তাঁর প্রশ্নে গাজীপুরের রাস্তার দুরবস্থা এবং গাজীপুর-ময়মনসিংহ চার লেনের কাজ কেন এগোচ্ছে না, তা জানতে চান। রংপুরের ফজলে রাব্বী মিয়া তাঁর এলাকার রাস্তাঘাটের দুর্দশা তুলে ধরে বলেন, বর্তমান যোগাযোগমন্ত্রী অনেক আগে থেকেই দেশের অধিকাংশ রাস্তাঘাট চেনেন। এর পরও এত সমস্যা কেন হচ্ছে, বোঝা যাচ্ছে না।জবাবে মন্ত্রী বিষয়টা এড়িয়ে গিয়ে বলেন, রংপুরের উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগী হয়ে কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন।ময়মনসিংহের মতিউর রহমান, চট্টগ্রামের এ বি এম আবুল কাশেম, শামসুল হক চৌধুরী, নরসিংদীর জহিরুল হক ভূঁইয়াও তাঁদের এলাকার রাস্তাঘাটের দুর্দশার চিত্র তুলে ধরেন। সাংসদেরা অভিযোগ করে বলেন, ‘নতুন রাস্তা চাই না, পুরোনো যেগুলো আছে, সেগুলো অন্তত চলার উপযোগী রাখা প্রয়োজন।’পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ: মোশতাক আহমেদের প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন জানান, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পের জন্য দুই হাজার ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার নিশ্চয়তা মিলেছে। বর্তমান সেতুটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের কাজ চলছে। আগামী ডিসেম্বর নাগাদ এ সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে বস্ত্রপণ্য রপ্তানি করে যথাক্রমে ১৩ হাজার ৫৩ মিলিয়ন এবং ১৩ হাজার ৩১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এ খাত থেকে ১৪ হাজার ৬৫২ মিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, দেশের মোট বস্ত্রচাহিদার ৪০ শতাংশ তাঁতশিল্প হতে পূরণ হয়ে থাকে। ২০০৩ সালের তাঁতশুমারি অনুযায়ী দেশের হস্তচালিত তাঁতের সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ৫৫৬টি।ঝালকাঠির সাংসদ বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডরে ইলেকট্রিক ট্র্যাশন প্রবর্তনের জন্য প্রাক্কলিত ব্যয় সাত হাজার ৯৯৬ কোটি টাকা। যার মধ্যে বৈদেশিক সাহায্য প্রয়োজন ছয় হাজার কোটি টাকা।