রাজধানীসহ সারা দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা সবাই রাস্তাঘাটের দুর্দশার কথার উল্লেখ করে বলেন, এ কারণে সরকারের জনপ্রিয়তা কমছে।আজ মঙ্গলবার সংসদ ভবনে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রীর কাছে কমিটির সদস্যরা জানতে চেয়েছেন, কবে এসব রাস্তা ঠিক হবে? জবাবে সভায় উপস্থিত যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেছেন, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় রাস্তাঘাটের এ অবস্থা হয়েছে। এবারের বাজেটের অর্থ আসার পর এসব রাস্তাঘাটের মেরামতকাজ দ্রুত শেষ করা হবে।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিএ) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়।সভায় আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সব কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, এরই মধ্যে এ ধরনের দুজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।সভায় কমিটির সভাপতি নিজেই রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একজন সাংসদ বলেন, ঢাকা শহরের চারদিকের রাস্তাঘাট ভাঙা। ঢাকার বাইরে কোথাও যাওয়ার উপায় নেই। অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। এর দায় অবশ্যই মন্ত্রণালয়কে নিতে হবে।সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন।