রাস্তাটি যেন মরণফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাটি দেখে বোঝার উপায় নেই যে আগে এটি পাকা রাস্তা ছিল। পুরো রাস্তার ওপরের অংশের বিটোমিন প্রলেপ, পাথর, খোয়া উঠে মাটির সঙ্গে মিশে গেছে। তার ওপর বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হওয়ায় রাস্তাটি দিয়ে যানবাহন চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এটি বরগুনা-বাকেরগঞ্জ-বরিশালের রাস্তা। এলাকার লোকজন এখন এ রাস্তাকে বলে, মরণফাঁদ! বরগুনা থেকে চান্দখালী হয়ে বাকেরগঞ্জ পর্যন্ত ৪৫ কিলোমিটার রাস্তার এমন দুর্দশা অনেক দিন ধরে। স্থানীয়রা জানায়, এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৪০টি দূরপাল্লার বাস যাতায়াত করে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে আরও ৩০ থেকে ৩৪টি বাস এবং টেম্পো, ভাড়ায়চালিত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করে। এ রাস্তা দিয়ে বরগুনা থেকে বরিশাল যেতে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চার-পাঁট ঘণ্টায়ও বরিশালে পৌঁছানো যায় না। খানাখন্দে প্রায়ই বাস ও অন্য যানবাহন আটকে যায়। ফলে পুরো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। বরগুনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত বরগুনা-চান্দখালী-বাকেরগঞ্জ ৫৭ কিলোমিটার রাস্তার ৪৫ কিলোমিটার বরগুনা সওজের আওতায়। ২০০৩-০৪ অর্থবছরে এ রাস্তাটি নির্মিত হওয়ার পর কয়েকবার সংস্কার হলেও কাজের মান খারাপ হওয়ায় সংস্কারের এক-দুই মাসের মধ্যেই তা পুনরায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে এ রাস্তা সংস্কার করা হয়েছিল। সরেজমিন দেখা যায়, এ সড়কের বরগুনা থেকে শুরু করে চান্দখালী, খলিশাখালী, কিসমতপুর, কাঁঠালতলি এলাকার রাস্তার ইট-সুরকি উঠে তা মাটির সঙ্গে মিশে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারণে এ সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিসমতপুর এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘শুধু আল্লাহই জানেন, কীভাবে এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।’ ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক কামাল হোসেন বলেন, ‘কী করমু, আমরা গরিব মানুষ। সংসার চালাইতে অইলে নিজের জীবনের কথা ভাবা যায় না। পুরো রাস্তাই পুকুর অইয়্যা গেছে। বর্ষায় হাঁটুপানি আর কাদাপানিতে একাকার অইয়্যা যাই। যহন রাস্তায় নামি, তহন দোয়া-দরুদ পড়ি।’ বাসচালক আ. রহিম বলেন, ‘রাস্তার কি যে দুরবস্থা, তা কেউ চোখে না দেখলে বুঝবে না। গাড়িতে উঠলে মনে হয় আর বুঝি বাড়িতে ফিরতে পারব না। এ অবস্থার কারণে প্রায়ই এ রাস্তায় দুর্ঘটনা ঘটে।’ বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটির এ অবস্থার কারণে আমাদের বাস চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। সড়ক বিভাগের কাছে বারবার বলা সত্ত্বেও তারা এদিকে কোনো নজর দিচ্ছে না।’বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলী আ. রশিদ বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার তা আমরা পাচ্ছি না। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে রাস্তাটি সংস্কার করা হবে।’