রাস্তাটির জন্য ২০ গ্রামের মানুষ ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৪০ বছর ধরে কুড়িগাঁওয়ের লোক সড়কটার জন্যি কষ্ট করোচি; বর্ষাত এ কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। সড়কটার আট মাইল পাকা না হওয়ায় উপজেলা সদরত যাতে হয় অন্য উপজেলা হয়ে, ২০ মাইল পথ ঘুরে।’ জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র-সমশিরা (কালাই-সমশিরা) সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন উপজেলার কাটাহার গ্রামের কৃষক রাজু আহম্মেদ। কাঁচা সড়কটি বর্ষাকালে চলাচল অনুপোযোগী হওয়ায় এ আক্ষেপ শুধু কৃষক রাজু আহম্মেদের একার নয়, এলাকার হাজার হাজার মানুষের। সড়কটি পাকা হলে কালাই ও ক্ষেতলাল উপজেলার অন্তত ২০ গ্রামের বাসিন্দার যাতায়াতে দুর্ভোগ কমত।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে কালাই-সমশিরা সড়কটি নির্মাণ হয়। দেশ স্বাধীন হওয়ার পর সড়কটি উন্নয়নে উদ্যোগ নেওয়া না হলেও আশির দশকে এটি প্রশস্ত করে মাটি ভরাট করা হয়। পরবর্তী সময় কালাই থেকে হাতিয়র অংশ পর্যন্ত পাকা করা হলেও হাতিয়র থেকে সমশিরা পর্যন্ত সড়কটি আর পাকা করা হয়নি। সড়কটি বর্তমানে দেখভাল করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কটি দিয়ে কালাই উপজেলার কুসুমসাড়া, সাঁতার, কাটাহার, বালুখুর, সমশিরা, দাউদিয়া, আশুরাইল, শাইলগুন, মাত্রাই, বলিগ্রাম এবং ক্ষেতলাল উপজেলার রোয়াইর, আমানীপাড়া, নওটিকা, বাঁশথুপি কেশুরতা, কাঁচাকুলসহ অন্তত ২০ গ্রামের বাসিন্দারা কালাই সদর ও জেলা শহরে যাতায়াত করেন। এবড়ো-খেবড়ো মাটির এ সড়ক দিয়ে সাইকেল ছাড়া অন্য কোনো যান নিয়ে যাতায়াত করা যায় না। ফলে ওই গ্রামগুলোর ধান-চালসহ উৎপাদিত পণ্য উপজেলা সদরে না নিয়ে পার্শ্ববর্তী কোনো বাজারে কম দামে বিক্রি করে দিতে হয় কৃষকদের। সড়কের বেহালদশার কারণে মালামাল পরিবহনসহ ভ্যান, মোটরসাইকেল, ভটভটি, টেম্পো চলাচল করে ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার-নিশিন্তাবাজার বিকল্প পথ হয়ে। এতে করে অতিরিক্ত ২০ কিলোমিটার পথ ঘুরতে হয়। ভাড়াও গুনতে হয় তিন থেকে চারগুণ বেশি। ক্ষেতলাল উপজেলার বাঁশথুপির সেকেন্দার আলী বলেন, ‘বাজার-সওদা থেকে নানা প্রয়োজনে প্রায় প্রতিদিনই কালাই সদরে যাতায়াত করতে হয়। কিন্তু সমশিরা থেকে হাতিয়র পর্যন্ত পাকা না হওয়ায় সড়কটি দিয়ে ভ্যান পর্যন্ত যাতায়াত করতে পারে না। বাধ্য হয়ে পাঠানপাড়া-নিশ্চিন্তা হয়ে সেখানে যাতায়াত করতে গিয়ে ভ্যান ভাড়া বাবদ অন্তত ১৫ টাকা অতিরিক্ত গুনতে হয়।’কালাই কাকলী শিশু নিকেতনের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমি নিজেও প্রতিদিন এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করি। এ সড়কে যাতায়াত করতে বর্ষাকালে কাদা-পানিতে কাপড় নষ্ট হয় বলে লুঙ্গি, গামছা, প্যান্ট-শার্ট অতিরিক্ত সঙ্গে আনতে হয়।’মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মডেল কলেজের প্রতিষ্ঠাতা শওকত হাবিব তালুকদার বলেন, ‘এ সড়কটি পাকা করার দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। সড়কটি পাকা না হওয়ায় সারা বছর ধরেই দুই উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’সদ্য অবসরে যাওয়া এলজিইডির কালাই উপজেলা প্রকৌশলী মোনাব্বর হোসেন বলেন, ‘সড়কটির কিছু অংশ কালাই এলজিইডি এবং কিছু অংশ ক্ষেতলাল এলজিইডির সীমনায় পড়েছে। কালাই এলজিইডির নিয়ন্ত্রণাধীন অংশ পাকা করার জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় তা করা সম্ভব হয়নি।’কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘সড়কটি দ্রুত পাকা করার জন্য উপজেলা পরিষদ থেকে এলজিইডিতে প্রস্তাব পাঠানো হবে।’জয়পুরহাট-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ‘কালাই উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকার ভিতিত্তে পাকা করার জন্য সাংসদ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠিয়েছি। ইতিমধ্যে দুটি সড়ক পাকা করার জন্য বরাদ্দ পাওয়া গেছে। হাতিয়র-সমশিরা সড়কটিও পাকা করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হবে।’