রাস্তার ওপর ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জবাই করা মুরগির উচ্ছিষ্ট ফেলা হয়েছে রাস্তার ওপর। একটি কুকুর তা মজা করে খাচ্ছিল। আশপাশে আরও ময়লার ভাগাড় দেখা গেল। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে—চিত্রটি স্কয়ার হাসপাতালের পেছনের রাস্তার। হাসপাতালের সীমানা দেয়ালঘেঁষা এই রাস্তা মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পশ্চিম রাজাবাজার থেকে শুক্রাবাদ বাজারে যাওয়ার রাস্তা হচ্ছে এটি।স্কয়ার হাসপাতালের পাশে সপ্তডিঙা ও কাশবন রেস্তোরাঁর মধ্য দিয়ে চলে গেছে রাস্তাটি। সামান্য একটু যেতেই হাসপাতালের সীমানা ঘেঁষে রাস্তার ওপর বালু ও ভাঙা ইট চোখে পড়ল। রাস্তার অর্ধেকের বেশি অংশজুড়ে রয়েছে এসব। বাকি অংশটুকু দিয়ে কোনো রকমে চলাচল করছে সাধারণ মানুষ। তা-ও আবার ভাঙাচোরা। আবদুর রশিদ নামে একজন বাসিন্দা জানান, প্রায় দুই বছর আগেও রাস্তাটি অনেক সুন্দর ছিল। স্কয়ার হাসপাতালের সীমানার ভেতরে কর্তৃপক্ষ ভবন নির্মাণের কাজ করে। আর সীমানার কিছু অংশ ভেঙে টিনের বেড়া দেয়। তখন সেই নির্মাণকাজের অতিরিক্ত অংশ ও দেয়ালের ভাঙা অংশ রাখা হয় রাস্তার ওপরই। রাস্তার অর্ধেকেরও বেশি অংশজুড়ে এসব থাকায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো রকমে এলাকার মানুষ চলাচল করছে। এলাকার অনেকেই অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলবে ফেলবে করেও সরায়নি। এখন বাসাবাড়ির ময়লা-উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এখানে। এলাকার বাসিন্দা সাগর বললেন, ‘কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে দেখবেন কতজন এসে ময়লা ফেলছে। এটি এখন ডাস্টবিন হয়ে গেছে।’ কিছুক্ষণ পরই দেখা গেল একজনকে ময়লা ফেলতে। ফলে এখন বালু-ইটের ঢিবির সঙ্গে যোগ হয়েছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। রাস্তাটির এ অবস্থার জন্য অবশ্য এলাকাবাসী দায়ী করেন স্কয়ার হাসপাতালকেই। কেননা, তারা এখানে নির্মাণাধীন কাজের অতিরিক্ত অংশ না ফেললে কেউ ময়লা ফেলার সাহস পেত না। এলাকাবাসী রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি করেন। এ ব্যাপারে ডিসিসির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুজ্জামান বলেন, ‘রাস্তাটি পরিষ্কারের জন্য ডিসিসির পরিচ্ছন্ন কর্মকর্তাকে বারবার বলা হয়েছে। কিন্তু তাঁরা কোনো কাজই করেননি।’ ডিসিসির অঞ্চল-৬-এর পরিচ্ছন্ন কর্মকর্তা গিয়াস উদ্দিন সেরনিয়াবাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘রাস্তাটি সম্পর্কে আগে কেউ জানায়নি। এখন কিছুদিনের মধ্যেই রাস্তাটি পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।’