রাস্তার পাশ থেকে ‘গ্রেনেড’ উদ্ধার
রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনের সড়কের ফুটপাত থেকে একটি ‘গ্রেনেড’ উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে এক পথশিশু বোমাটির ব্যাপারে পুলিশকে জানায়। খবর পেয়ে ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা যন্ত্রপাতি নিয়ে এসে রূপসী বাংলা ক্রসিংয়ের একপাশ হলুদ প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলেন। বোমাটি পরীক্ষার পর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এক পথশিশু রূপসী বাংলার উল্টোদিকে নির্মাণাধীন ভবনের দেয়াল-সংলগ্ন ফুটপাতের গর্তে বোমাসদৃশ বস্তুটি দেখে টহল পুলিশকে জানায়। পরে তাঁরা এসে এটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। এরপর এটিকে প্রথমে কপিকলের সাহায্যে বিশেষ কৌশলে রাস্তার ওপরে নিয়ে আসা হয়। সেখানে বালির বস্তা দিয়ে গ্রেনেডটির চারপাশে দেয়াল তৈরি করা হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি গ্রেনেড। এর গায়ে ‘২০০৯’ লেখা ছিল। বিস্ফোরিত গ্রেনেডটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরই বোঝা যাবে এটি কোন ধরনের ও কী মাত্রার গ্রেনেড ছিল। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের সঙ্গে এই গ্রেনেড পেতে রাখার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। এ সময় তিনি বলেন, গ্রেনেডটি বেশ পুরোনো। কে বা কারা এটি সেখানে রেখেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।এখান থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চের দূরত্ব কয়েক শ গজ। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বলছেন, এ ধরনের গ্রেনেড ফাটলে প্রাণহানি ঘটার সম্ভাবনা প্রবল।এদিকে গ্রেনেড পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার উত্সুক মানুষ রূপসী বাংলা ক্রসিংয়ে জড়ো হয়। এর আগেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। উপস্থিত জনতা এই বোমা পেতে রাখার জন্য জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন।