রাস্তার পাশের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে চট্টগ্রামে যানজট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের নাছিরাবাদ ও এর আশপাশের প্রায় ১০ বর্গকিলোমিটার অংশের সড়কে যানজটের অন্যতম কারণ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান। রাস্তার পাশে অবস্থিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব কোনো পার্কিং-ব্যবস্থা নেই। এতে বহদ্দারহাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের একটি বড় অংশে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মহানগরের যানজট পরিস্থিতির উত্তরণবিষয়ক ট্রাফিক বিভাগের এক বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব বাসসেবা চালুর জন্য পুলিশ চিঠি দিচ্ছে। এ প্রসঙ্গে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, মহানগরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যেদিন রাস্তার পাশের স্কুল-কলেজে ছুটি থাকে, সেদিন বড় বড় সড়কে গাড়ির জট লাগে না। গত ২০ জানুয়ারি সরস্বতী পূজার দিন অফিস-আদালত খোলা থাকলেও স্কুল-কলেজ ছিল বন্ধ। সেদিন ওই সব এলাকার সড়কগুলোতে যানজট ছিল না। তিনি বলেন, ‘আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার জন্য নিজস্ব বাস চালুর পক্ষে। এতে একদিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে যানজট কমবে, অন্যদিকে ধনী ও গরিব শিক্ষার্থীদের মানসিক ব্যবধান অনেক কমবে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য তিন সপ্তাহ আগে ওই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পুলিশ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার জন্য নিজস্ব বাস চালুর জন্য চিঠি দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলশী এলাকায় রেডিয়েন্ট স্কুল, এর আধা কিলোমিটারের মধ্যে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ এবং পূর্ব নাছিরাবাদে উইলিয়াম ক্যারি স্কুল, দামপাড়ায় বাওয়া স্কুল অ্যান্ড কলেজ, নাছিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর স্কুল, সানসাইন স্কুল অ্যান্ড কলেজের দুটি ক্যাম্পাস, সার্সন রোডের চিটাগাং গ্রামার স্কুল, জামাল খান মোড়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মেট্রোপলিটন কমার্স কলেজ, সেন্টমেরিজ স্কুল, খাস্তগীর স্কুল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধেকে দুই শিফটে পড়ালেখা হয়। এগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ১০ থেকে ১২ হাজার। প্রতিবেদন সূত্রে জানা যায়, তুলনামূলক বিত্তবান পরিবারের সন্তানেরা ওই ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। তাদের আনা-নেওয়ার জন্য ব্যবহূত হচ্ছে প্রায় তিন হাজার নিজস্ব গাড়ি (কার, জিপ, মাইক্রোবাস ইত্যাদি)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব কোনো পার্কিং-ব্যবস্থা না থাকায় এসব গাড়ি রাস্তার পাশে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য নিজস্ব বাস চালুর প্রয়োজনীয়তা স্বীকার করেন ইস্পাহানী স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহবুব আলম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যে প্রস্তাব দিয়েছে, আমরা তা গ্রহণ করেছি। প্রতিষ্ঠানের নীতিনির্ধারক পর্যায়ে আলাপ-আলোচনা করে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।’