রাস্তায় গৃহনির্মাণসামগ্রী রাখা অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ মাকে নিয়ে চিকিৎসকের কাছে যাবেন শাহেদ। কিন্তু বাসার সামনের রাস্তা থেকে রিকশা নিতে পারছেন না তাঁরা। তাঁদের বাসার গলিতে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। সেই বাড়ির ইট-বালু রাস্তার ওপর রাখা ছাড়াও সিমেন্ট ও বালুর মিশ্রণ রাস্তার ওপরই করা হচ্ছে। তাই সেখানে কোনো রিকশা ঢুকতে পারছে না। মাকে নিয়ে কী করবেন ভেবে পান না শাহেদ। অসুস্থ মাকে অনেকটা কোলে করে নেওয়ার মতো করে অনেক কষ্টে গলি পার হয়ে বড় রাস্তায় গিয়ে শাহেদ রিকশা নেন। রাস্তা বন্ধ করে এ ধরনের নির্মাণকাজ করার কারণে গলির মুখেই রিকশা থেকে নামতে হয় সবাইকে। এ কষ্ট যেন দেখার কেউ নেই। ঢাকা শহরের বিভিন্ন মহল্লায় বাড়ি নির্মাণের সময় সংশ্লিষ্ট বাড়িওয়ালারা নির্মাণসামগ্রী রাস্তায় রাখেন। এটি দেখার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে নীরব। তারা যেন এ ব্যাপারে কিছুই দেখে না। বাড়িওয়ালারা নিজের খেয়াল-খুশিমতো রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে দেওয়ায় সেসব রাস্তা শুধু গাড়ি চলাচলের অযোগ্য হয়েই পড়ে না, পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক সময় বাড়িওয়ালারা তাঁদের বাড়ি নির্মাণের সময় রাস্তা বন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা না করেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এ ব্যাপারে দৃষ্টি দেবে?পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ৭২-ক ধারামতে, কেউ কোনো গৃহনির্মাণসামগ্রী বা অন্য কোনো দ্রব্য রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য স্থানে রাখলে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানায় দণ্ডনীয় হবে এবং সেই দ্রব্য বাজেয়াপ্ত করা হবে।