রাস্তায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁঠালবাগান এলাকার রাস্তাগুলো দিয়ে চলাফেরা করা কষ্টকর। এর মধ্যে প্রধান দুই রাস্তা কাঁঠালবাগান ঢাল থেকে ফ্রিস্কুল স্ট্রিটে চলে যাওয়া রাস্তাটি জায়গায় জায়গায় ভাঙা। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। অন্যদিকে সোনারগাঁও রোড থেকে পান্থপথ গ্রিন রোড মোড়ে যাওয়া পান্থপথ বক্সকালভার্ট রোডের সংস্কারকাজ চলছে। এই সড়কের পাশের একজন হোটেল ব্যবসায়ী বলেন, ‘রাস্তাটা কয়েক বছর ধরে খারাপ ছিল। রাস্তার ওপর ছিল দোকানপাট। এখন ডিসিসি কাজ ধরেছে, তারা আস্তে আস্তে কাজ করছে। তাই রাস্তাজুড়ে থাকছে ধুলাবালি। আর বৃষ্টি হলেই পানি জমে থাকে। হোটেলে কাস্টমার আসতে পারে না।’এই সড়ক দিয়ে যাচ্ছিলেন কাঁঠালবাগানের বাসিন্দা রাশেদা বেগম। তিনি বলেন, ‘রিকশা ছেড়ে হেঁটেই যাচ্ছি। তাতেও ঝামেলা কম নয়, রাস্তার দুই পাশে মালামালের স্তূপ থাকার কারণে ঠিকমতো হাঁটাও যায় না। ম্যানহোল থেকে ময়লা উঠিয়ে রাস্তার এক পাশে স্তূপ করে রাখা হয়েছে। এ রাস্তায় চলতে হলে নাকে কাপড় চেপেই চলতে হয়।’ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্রে জানা যায়, পান্থপথ বক্সকালভার্ট রোডটি নির্মাণ করেছিল ঢাকা ওয়াসা। তারা এখন এই সড়কটি ডিসিসির কাছে হস্তান্তর করেছে। বেহাল এই সড়কের উন্নয়নে ডিসিসি দেড় কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এখন তার সংস্কারকাজ চলছে। সড়কের ওপর অনেক অবৈধ স্থাপনা ছিল। এগুলো উচ্ছেদ করতে সময় লেগেছে। তাই কাজে বেশি সময় লাগছে। ৩৩ ফুট চওড়া সড়কটির কাজ শেষ হলে সোনারগাঁও রোড থেকে যানবাহন সরাসরি পান্থপথ-গ্রিন রোড মোড়ে চলে যেতে পারবে। এতে কারওয়ান বাজার মোড় ও কাঁঠালবাগান ঢালের রাস্তা থেকে যানবাহনের চাপ কমবে।এ ব্যাপারে ডিসিসির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আগামী জুন মাসের মধ্যে পান্থপথ বক্সকালভার্ট রোডের কাজ শেষ হবে। তখন এর জলাবদ্ধতা সমস্যাও দূর হবে।কাঁঠালবাগান ঢালের রাস্তাটির সংস্কারকাজ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ওই রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। কাঁঠালবাগানের রাস্তা দুটির কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ দূর হবে বলে তিনি জানান। কাঁঠালবাগানের রাস্তার বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৫৮৪৫৪ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৫, ডিসিসি)