‘রাস্তায় পানি, ঘরেও পানি। পচা পানির গন্ধে রাইতে ঘুমাইতে পারি না। খাওন-দাওন ঠিকমতো হইতাছে না। আমরা কি ঢাকা শহরে আছি?’ কর্তৃপক্ষের দিকে প্রশ্ন ছুড়ে দেন ক্ষুব্ধ আকরাম হোসেন। নোংরা পানিতে তলিয়ে আছে তাঁর ঘরের মেঝে।মগবাজারের আমবাগান এলাকার শ খানেক পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। মাস খানেক ধরে দুর্বিষহ দিন কাটছে বলে এলাকাবাসী জানান। তাঁরা আরও জানান, হাতিরঝিল প্রকল্পের সড়কটি নির্মাণ হওয়ায় পয়োনিষ্কাশন নালার পানি খাল কিংবা জলাধারে যেতে পারছে না। আগে এই পানি ঝিলে গিয়ে পড়ত। যার ফলে এখন পয়োনিষ্কাশন নালার নোংরা পানি জমছে এলাকার রাস্তা ও বাসাবাড়িতে।এলাকার প্রধান সড়কটির শেষ দিকের অংশ ডুবে আছে কালো পানিতে। পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। লোকজন এই নোংরা পানি পাড়ি দিয়ে ঘরে ফিরছে। কিন্তু ঘরে ফিরেও রেহাই নেই। ঘরের মেঝেতে আরও বেশি পানি। হাঁটুসমান পানিতে বসবাস করা দায় হয়ে পড়েছে এলাকাবাসীর। সড়কের কালো পানিতে পাশের বাড়ির ছায়া পড়ছে। পানিতে ভাসছে মনুষ্য বর্জ্য।মাভিয়া খাতুন নামে এক বাসিন্দা বলেন, ‘এই পানিতে হাইটা, নাইমা কতজন অসুস্থ হইছে, তার কোনো ঠিক নাই। ছোট ছোট পোলাপাইনেরা ডায়রিয়ায় আক্রান্ত হইছে। ঘরের চুলা পর্যন্ত ডুইবা গেছে। রান্নাবান্না করা যায় না। এভাবে কয় দিন বাঁইচা থাকা যায়।’কোনো কোনো ঘরে পৌঁছানোর জন্য আঙিনায় বিছানো হয়েছে ইটের সারি, গাছের গুঁড়ি। সড়কের শেষ মাথায় রয়েছে আমবাগান চল্লিশ ঘর জামে মসজিদ। মসজিদের দরজায় তালা লাগানো আজ মাস খানেক। মসজিদে এখন আজান-নামাজ কোনোটাই হয় না। মসজিদের মোয়াজ্জেম নুরুজ্জামান বলেন, ‘মসজিদের ভেতর পচা পানি ঢুইকা গেছে। কীভাবে নামাজ পড়ব?’এখানকার কোনো কোনো ঘর টিনশেড, আবার কোনোটায় শুধু চালটা টিনের বাকিটা ইট-সিমেন্টের। যাঁরা বসবাস করেন, তাঁদের বেশির ভাগই নিম্নবিত্ত শ্রেণীর। এখানে ভাড়াটাও কম। এ জন্য অন্য কোথাও যেতেও পারছেন না ভাড়াটেরা।গিয়ে দেখা গেছে, আমবাগান এলাকার প্রধান সড়কটি যেখানে শেষ হয়েছে, তার খুব কাছেই হাতিরঝিল প্রকল্পের সড়ক হচ্ছে। সড়কটি হওয়ার আগে পয়োনিষ্কাশন নালার সব পানি গিয়ে পড়ত ঝিলে। কিন্তু সড়ক হওয়ার ফলে এখন কোথাও পানি যেতে পারছে না।এলাকাবাসীর অভিযোগ, হাতিরঝিল সড়কে পয়োনিষ্কাশন নালার ব্যবস্থা আছে। কিন্তু আমবাগান প্রধান সড়কের চল্লিশ ঘর জামে মসজিদের পাশ থেকে হাতিরঝিল সড়ক পর্যন্ত জায়গাটুকু বন্ধ হয়ে আছে। এই সামান্য জায়গায় কোনো নালা নেই। নালাটি হাতিরঝিল সড়ক পর্যন্ত বর্ধিত করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নালাটি বর্ধিত করা যাচ্ছে না। কারণ সড়কের শেষ মাথায় যাঁর বাড়ি, তিনি সামান্য জায়গাও ছাড়তে রাজি নন। প্রভাবশালী ব্যক্তির বাড়ি হওয়ায় কেউ তাঁর বিরুদ্ধে কিছু করতে সাহস পাচ্ছে না।পানিবন্দী আমবাগান এলাকা নিয়ে কথা হয় ডিসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী শরিফ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমবাগান এলাকার সমস্যাটা আমাদের জানা আছে। আমরা চেষ্টা করছি নালার কাজ বর্ধিত করার জন্য।’ আমবাগানে জলাবদ্ধতার সর্বশেষ অবস্থা জানাতে অভিযোগ নম্বর: ৯৫৫৮৪৫৪ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৫, ডিসিসি)