রাস্তায় মুঠোফোন ঝুঁকি
প্রতি তিনজনে একজন রাস্তা পার হওয়ার সময় মুঠোফোন ব্যবহার করেন। এতে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলে এই তথ্য তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ খবর প্রকাশিত হয়। ‘ইনজুরি প্রিভেনশন’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে ওই সমীক্ষার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, সিয়াটলের ২০টি রাস্তায় যাতায়াত করা সহস্রাধিক পথচারীর মধ্যে ১০ শতাংশ রাস্তায় চলার সময় গান শোনেন, ৭ শতাংশ খুদে বার্তা আদান-প্রদানে ব্যস্ত থাকেন ও ছয় শতাংশ মুঠোফোনে আলাপ করেন। খুদে বার্তা আদান-প্রদানে যাঁরা ব্যস্ত থাকেন, তাঁরা অন্যদের চেয়ে চার গুণ বেশি পারাপারের সংকেতে ব্যবহূত লালবাতি খেয়াল করেন না বা রাস্তা পারাপারের সময় উভয় দিক ভালোভাবে লক্ষ করেন না। তিন বা চার লেনের সংযোগ সড়ক পার হতে তাঁরা সময় বেশি নেন। গান শুনতে শুনতে রাস্তা পার হলে পথচারীর পারাপারের সময় একটু কম লাগে। তবে রাস্তা পার হওয়ার সময় সড়কের উভয় দিক ভালো করে দেখার ব্যাপারে তাঁরা মোটেও মনোযোগী থাকেন না।রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাকসিডেন্টের কর্মকর্তা কেভিন ক্লিনটন বলেন, গাড়ি চালানোর মতো রাস্তা পার হওয়ার সময়ও মুঠোফোন ব্যবহারের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। এ সময় মুঠোফোনে কথা বলা, গান শোনা বা খুদে বার্তা আদান-প্রদান করে মনোসংযোগ হারানো উচিত নয়। পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুন থেকে চলতি সময় পর্যন্ত আগের তুলনায় পথচারীদের দুর্ঘটনায় পড়ার হার ৫ শতাংশ বেড়েছে। নিবন্ধে বলা হয়েছে, এই সমীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে লাখ লাখ পথচারী সাইকেল ও গাড়ি চালানোর সময় মুঠোফোনের মতো যন্ত্র ভুল সময়ে ভুলভাবে ব্যবহারের কারণে বিপদে পড়তে পারেন। মাতাল অবস্থায় গাড়ি চালানোর মধ্যে যে ধরনের ঝুঁকি রয়েছে, মুঠোফোন ব্যবহারেও একই সমস্যা হতে পারে। এটি নিয়ন্ত্রণের পক্ষেও গবেষকেরা মত দিয়েছেন।