রাস্তায় যানবাহন মেরামত অপরাধ
ঢাকার ওয়ারীর বাসা থেকে বাচ্চাকে নিয়ে লক্ষ্মীবাজার কোচিংয়ে যাচ্ছিলেন সালাম। হাতে তেমন সময় না থাকায় রিকশাচালককে দ্রুত রিকশা চালাতে বলেন। কিন্তু ধোলাইখাল রাস্তায় এসে রিকশা যেন আর চলতে চায় না। সালাম রিকশাচালককে তাড়া দিতে থাকেন। বলেন, ‘কি ভাই, একটু তাড়াতাড়ি চালান না!’ চালক বলেন, ‘কেমনে যামু কন? রাস্তার দুই পাশে যে ভাঙাচুরা গাড়ি ঠিক করছে, তাই রাস্তায় রিকশা-গাড়ি চালানোর জায়গা চিকন হইয়া গেছে। রিকশার জ্যাম লাইগা যায়। আর চলতে চায় না।’ কোচিংয়ের সময় আর না থাকায় অবশেষে সালাম ছেলেকে নিয়ে রিকশা থেকে নেমে হাঁটা শুরু করেন।ধোলাইখাল রাস্তার দুই পাশে ছোট-বড় পুরোনো গাড়ি মেরামতের দোকানপাটের ভেতরে স্বল্প জায়গা থাকায় দোকানের মালিকেরা পুরোনো গাড়ির যন্ত্রাংশ ও গাড়িগুলো ফুটপাতে ও ফুটপাতের পাশের রাস্তায় রেখে দেন। সেখানে রেখেই তাঁরা যন্ত্রাংশ মেরামত ও কাটাছেঁড়া করেন। এ ছাড়া রিকশা ও গাড়ির চালকেরা দুইয়ের অধিক লাইন করেন। এ কারণে ঘটে যানজট। সংশ্লিষ্ট প্রশাসন রাস্তা থেকে পুরোনো গাড়ির এ রকম সরঞ্জাম অপসারণ করার কিছুদিন পর আবারও আগের পর্যায়ে চলে আসে। পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৭২ ধারামতে, কোনো ব্যক্তি যদি কোনো রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোনো যানবাহন বা যানবাহনের অংশবিশেষ নির্মাণ করে অথবা দুর্ঘটনার দরুন ঘটনাস্থলেই মেরামত অনিবার্য হওয়া ব্যতীত কোনো যানবাহন বা যানবাহনের অংশ মেরামত করে, অথবা উহার কোনো উৎপাদন বা অন্য কাজ চালায়, যার ফলে যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করে অথবা জনসাধারণ ও পার্শ্ববর্তী স্থানের বাসিন্দাদের বিরক্তি উৎপাদন হতে পারে, তবে সেই ব্যক্তি এক বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং সংশ্লিষ্ট যানবাহন সরকার বাজেয়াপ্ত করতে পারবে।