রাহাতের পথচলা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঠির মাথায় একটি ব্যানার, তাতে ইংরেজিতে লেখা ‘ফেয়ার পলিটিক্স ক্যাম্পেইন’। আর বাংলায় লেখা, ‘পরিচ্ছন্ন রাজনীতির অভিযান’। এই ব্যানার হাতে ফুটপাত ধরে এগিয়ে যাচ্ছেন এক যুবক। তাঁর বুকেও একটি কাগজ সাঁটানো, সেটিতেও একই কথা লেখা। চলার পথে সামনে যাঁকেই পাচ্ছেন, তাঁকেই বোঝাতে চেষ্টা করছেন, আমাদের রাজনীতির চর্চাটা সুস্থ হওয়া দরকার। আসুন, আমরা একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ি। অনেকেই এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাঁর কাছে রাখা কাগজে ফোন নম্বরসহ নিজের নামটি লিখছেন। একটু পর এই যুবকটিকে দেখা গেল, ফুটপাতে বসে অন্যের জুতা পালিশ করছেন, পাশে সেই ব্যানার। যখন যাঁর জুতা পালিশ করছেন, তখন তাঁকেই বোঝাচ্ছেন একই কথা। এমন দৃশ্যের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে।এই যুবকের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর নাম মোহাম্মদ রাহাত খান। বাড়ি টাঙ্গাইল জেলার বিশ্বাস বেতকা গ্রামে। তিনি হেঁটে সারা দেশ ঘুরতে চান পরিচ্ছন্ন রাজনীতির স্লোগান নিয়ে। যত দিন না সুস্থধারার রাজনীতির দেখা মিলছে, তত দিন তিনি তাঁর এই কার্যক্রম চালিয়ে যেতে চান। চালিয়ে যাচ্ছেন জুতা পালিশের কাজও। কারণ, তিনি বাড়ি থেকে কোনো টাকা নিয়ে বের হননি। খাওয়ার খরচ জোগাড় করতে জুতা পালিশ করছেন। একই সঙ্গে জুতা পালিশ করে তিনি মানুষকে বোঝাতে চাইছেন যে পৃথিবীর কোনো কাজই ছোট নয়। সব কাজই কাজ, এমনকি সেটা যদি হয় জুতা পালিশ তবুও।ঘুরতে ঘুরতে যেখানে রাত হচ্ছে, সেখানেই রাতটি কাটিয়ে দিচ্ছেন। তাঁর এলাকার এক বড় ভাই মোর্শেদ মাহমুদ একই স্লোগান নিয়ে টাঙ্গাইলের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়েছেন। সেটা তিনি শুরু করেছিলেন, ১৯৯৫ সালে। এই বছরের ১৮ সেপ্টেম্বর রাহাত ওই ভাইকে তাঁর ইচ্ছার কথা জানান, হেঁটে সাধারণ মানুষের কাছে বলতে চান, আমাদের পরিচ্ছন্ন রাজনীতির দরকার। তাঁর বড় ভাই রাজি হলে ২০ সেপ্টেম্বর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন তাঁর পথচলা। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে এই বিষয়ে কথা বলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বেড়ান ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ঢাকার উদ্দেশে পথচলা শুরু হয় ৩০ সেপ্টেম্বর। পথে মির্জাপুরে এক আত্মীয়ের বাসায় রাতটি থেকে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী হয়ে ঢাকার উত্তরায় আসেন ২ অক্টোবর। এর মধ্যেই তিনি ঢাকার বনানী, সংসদ ভবন এলাকা, মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, ধানমন্ডি, খিলগাঁওসহ বেশ কিছু এলাকা ঘুরে বেড়িয়েছেন। এই চলার পথে সবাই তাঁকে উৎসাহ দিয়েছেন। রাহাত বললেন, ‘যাঁর সঙ্গে কথা বলি, তিনিই আমার সঙ্গে একমত হন। তার মানে, আমরা সবাই আসলে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখি। আসলে এ ছাড়া তো দেশটা সুন্দর করা সম্ভব নয়। কারণ, সরকারে যাঁরা থাকেন, তাঁদের হাতেই দেশ গড়ার চাবিকাঠি।’