রাহুল গান্ধী গ্রেপ্তার
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। কৃষকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিমাঞ্চলের ভট্ট প্রসুল গ্রাম থেকে সোনিয়াতনয় রাহুলের সঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির অপর সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং ও উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান রিতা বহুগুণা ও দলের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাহুলকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তবে রাজ্য পুলিশের মিরাট রেঞ্জের আইজিপি রজনীকান্ত মিশ্র জানান, ‘আগামীকাল (আজ) রাহুলকে আদালতে হাজির করা হবে।’সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে উত্তর প্রদেশে আন্দোলন করছেন কৃষকেরা। এই আন্দোলনের কেন্দ্রস্থল এখন ভট্ট প্রসুল গ্রাম। গত শনিবার সেখানে গোলাগুলিতে দুই কৃষক ও দুই পুলিশ সদস্য নিহত হন।রাহুল গান্ধী দলীয় নেতাদের নিয়ে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে ওই গ্রামে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। এরপর কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাহুল গতকাল দিনভর রোদের মধ্যে কৃষকদের ‘ধর্নায়’ (অবস্থান কর্মসূচি) বসে ছিলেন। রাহুল বলেন, ‘এখানে যা ঘটছে, তা দেখার পর নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে আমি লজ্জা বোধ করছি। রাজ্য সরকার নিজের জনগণের বিরুদ্ধেই নৃশংসতা চালাচ্ছে।’কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে তিনি একাত্মতা জানিয়ে কোনো ভুল করেননি। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কংগ্রেস আপনাদের ছেড়ে যাবে না।’ এ সময় সমবেত জনতা মুহুর্মুহু হাততালি দিয়ে রাহুলের এই বক্তব্যকে স্বাগত জানায়।রাহুল জানান, এক কর্মকর্তা তাঁকে বলেছেন, কৃষকদের আন্দোলনে জড়িত হওয়া মানে নকশালপন্থীদের মতো কাজ করা। কিন্তু তিনি দেখেছেন কৃষকেরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন।