রাহুল গান্ধী জামিনে মুক্ত
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী জামিনে ছাড়া পেয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।কৃষকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে উত্তর প্রদেশের রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তিন ঘণ্টা পর তিনি জামিনে ছাড়া পান।রাহুল গান্ধীকে গ্রেপ্তার করায় উত্তর প্রদেশের মায়াবতী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। তারা এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে বলেছে, রাহুলকে গ্রেপ্তার করে মায়াবতী তাঁর নিজের পতনই ডেকে এনেছেন। এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে উত্তর প্রদেশে আন্দোলন করছেন কৃষকেরা। এ আন্দোলনের কেন্দ্রস্থল ভট্ট প্রসুল গ্রাম। গত শনিবার সেখানে গোলাগুলিতে দুই কৃষক ও দুই পুলিশ সদস্য নিহত হন।রাহুল গান্ধী দলীয় নেতাদের নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে ওই গ্রামে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং কয়েকটি গ্রাম ঘুরে দেখেন। এরপর ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাহুল গতকাল দিনভর রোদের মধ্যে কৃষকদের ‘ধর্নায়’ (অবস্থান কর্মসূচি) বসে ছিলেন। রাত ১১টার দিকে ভারতের ফৌজদারি আইনের ১৫১ ধারায় উত্তর প্রদেশের রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে রাহুলকে উত্তর প্রদেশের কসনা থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের প্রায় তিন ঘণ্টা পর পুলিশ তাঁকে জামিনে ছেড়ে দেয়। রাত সোয়া দুইটার দিকে রাহুল দিল্লির পথে রওনা হন।