রাহুল গান্ধীর দিকে অস্ত্র নিয়ে ধাবমান যুবক গ্রেপ্তার
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর দিকে রিভলবার নিয়ে ধাবমান এক যুবককে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশে রাহুল গান্ধীর ‘পদযাত্রা’র সময় এ ঘটনা ঘটে।কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকদের আন্দোলনে শামিল হয়ে রাহুল আলীগড় অভিমুখে পদযাত্রা চালিয়ে যাচ্ছেন। পদযাত্রার তৃতীয় দিন গতকাল সকালে হরিমোহন শর্মা নামের এক যুবক পয়েন্ট ৩২ বোরের একটি লাইসেন্স করা রিভলবার নিয়ে রাহুলের দিকে এগিয়ে যান। হরিমোহন রাহুলের দ্বিতীয় নিরাপত্তাবলয়ের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। এ সময় স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা তাঁকে আটক করেন। পরে অস্ত্রটি উদ্ধার এবং তাঁকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, হরিমোহন নিজেকে কংগ্রেসের কর্মী বলে দাবি করেছেন। খবর পিটিআই ও এনডিটিভির।কৃষকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গত মঙ্গলবার উত্তর প্রদেশের নয়ডা থেকে পদযাত্রা শুরু করেন রাহুল গান্ধী। টানা চার দিন পায়ে হেঁটে কাল শনিবার তাঁর আলীগড়ে ‘কিষান মহাপঞ্চায়েতে’ যোগ দেওয়ার কথা রয়েছে। কৃষকদের জমি অধিগ্রহণ করে সেই জমি আবাসন ব্যবসায়ীদের কাছে বিক্রি করার প্রতিবাদে এ মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়।এদিকে, উত্তর প্রদেশের পুলিশ বিভাগ বলেছে, যেকোনো অঘটন ঘটার আশঙ্কা থাকলেও রাহুল গান্ধী তাঁর নিরাপত্তার বিষয়টিকে গ্রাহ্য করছেন না। তিনি তাঁর ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকছেন না। এএসএসপি সিং নামের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘তিনি কোন পথ ধরে হাঁটছেন, তা আমরা আগে থেকে জানতে পারছি না। যাত্রাপথে তিনি কোথায় থামবেন বা কোন জায়গা পরিদর্শন করবেন, তাও জানতে পারছি না। তাই যেকোনো সময় যে কিছু ঘটে যাওয়ার আশঙ্কা আছে।’উত্তর প্রদেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকেরা আন্দোলন করে আসছেন। রাহুল গান্ধী ওই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে পদযাত্রা শুরু করেন।