রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের হাল ধরছেন ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্য রাহুল। কিন্তু ভবিষ্যত্ নেতা হিসেবে রাহুলের দক্ষতা প্রশ্নবিদ্ধ, নেতৃত্ব গ্রহণের আগ্রহ অস্পষ্ট; আর অর্জনের ঝুলি প্রায় শূন্য।২০১৪ সালের জাতীয় নির্বাচনে রাহুলকে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ভাবছেন অনেকেই। আরও আগ বাড়িয়ে বললে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁকে দলের সহ-সভাপতির পদ দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে কংগ্রেসের নেতা দিদ্বিজয় সিং বলেন, রাহুল শিগগিরই কংগ্রেসের মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তবে এ জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে।কয়েক সপ্তাহ ধরে ভারতের প্রচারমাধ্যমে বলা হচ্ছে যে রাহুল মন্ত্রিসভায় যোগ দেবেন। তাঁকে সরকারের গ্রামীণবিষয়ক মন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে জনগণের সঙ্গে নিজের যোগাযোগ বাড়ানোর জন্য তিনি দলের অনুগত নেতাদের চাপে আছেন।কিন্তু উদীয়মান নেতা হিসেবে রাহুল কি এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পেরেছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্ব গ্রহণ করা না-করা নিয়ে রাহুল নিজেই রয়েছেন আঁধারে। অনেক দিন ধরে তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু রাজনীতিতে তাঁর কোনো বড় সাফল্য নেই। এমনকি তাঁর কারণে দলের তরুণ নেতাদেরও সামনে আনা সম্ভব হচ্ছে না। এ কারণে কংগ্রেস এখনো পুরোনোদের মধ্যে পড়ে আছে এবং দলটি তরুণদের থেকে বিচ্ছিন্ন।রাহুল অনেক দিন ধরে দলের দায়িত্বশীল পদ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন; বরং তিনি বাইরে থেকে কংগ্রেসের তরুণ শাখা সংগঠন এবং আঞ্চলিক নির্বাচনে দলের হয়ে কাজ করছেন। এই দুই ক্ষেত্রে তাঁর সাফল্য হতাশাজনক।ভারতের রাজনীতিবিষয়ক সাংবাদিক ও লেখক আর্থি রামাচন্দ্রন ‘ডিকোডিং রাহুল গান্ধী’ শীর্ষক বইয়ে কংগ্রেস সাধারণ সম্পাদকের বিষয়ে নানা মন্তব্য করেছেন। তাঁর মতে, বড় পদের জন্য রাহুল কোনো আগ্রহ দেখাচ্ছেন না। সাংবাদিক, জীবনী লেখক, সম্ভাব্য সহযোগী বা প্রতিপক্ষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তিনি লাজুক ও অনাগ্রহী। পার্লামেন্টে তাঁর উপস্থিতি কম, ভূমিকা দুর্বল। কেউ জানে না, রাহুল আসলে কোন কাজে পারদর্শী এবং তিনি কী করতে চান। গুজব আছে, এসব প্রশ্নের উত্তর রাহুলের নিজেরই জানা নেই।বিশ্লেষকেরা বলছেন, রাহুল কেবল তাঁর পরিবারের নামের কারণেই এত দূর এসেছেন। কিন্তু রাজনীতিবিদ হওয়ার জন্য তাঁর নিজের কোনো চেষ্টা নেই। রাহুল সম্পর্কে রামাচন্দ্রনের মন্তব্য, ভারতের দরিদ্র জনগণের জীবন উন্নয়নের ক্ষেত্রে তাঁর চিন্তা অস্বচ্ছ। এ সম্পর্কে তাঁর কোনো বাস্তব ধারণা নেই। তিনি আসলে রাজনীতিকে বাধ্যবাধকতা মনে করছেন। তাঁর রাজনৈতিক-কৌশল অপরিকল্পিত। এই দীর্ঘ সময়ে কোনো রাজ্যের সঙ্গে তাঁর বন্ধন দৃঢ় করতে ব্যর্থ হয়েছেন। গান্ধী পরিবারের সদস্য হিসেবে প্রচলিত ভূমিকা পালন করার চেষ্টা করছেন রাহুল। গ্রামের মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন। কিন্তু এসব ভূমিকার পরবর্তী করণীয় বা সরকারি নীতিতে তা সংযোজন করতে ব্যর্থ হচ্ছেন তিনি। কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কিছু করছেন না রাহুল। আসলে নির্বাচনী ফলাফল বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর দক্ষতার ঘাটতি আছে। রাহুলের এ ব্যর্থতার দায় তাঁর পাশে থাকা উপদেষ্টাদেরও কাঁধে বর্তায়। কারণ, তাঁরা তাঁকে সঠিক পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছেন। নিজেকে প্রমাণ করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন রাহুল। কিন্তু তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। বিশেষ করে, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর অনুপস্থিতি ও আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় রাহুল কোনো চমকপ্রদ ভূমিকা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সম্প্রতি শেষ হওয়া রাজ্যসভার নির্বাচনের সময়ও তাঁর নেতৃত্বাধীন প্রচার সাফল্যের মুখ দেখেনি।লেখক আর্থি রামাচন্দ্রনের মতে, ভারতের একজন শীর্ষ রাজনীতিক হওয়ার জন্য রাহুলের প্রস্তুতি খুব দুর্বল।—দ্য ইকোনমিস্ট অবলম্বনে।