রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া এখন শুধু সময়ের ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, ‘প্রধানমন্ত্রী হওয়া রাহুল গান্ধীর জন্য এখন শুধু সময়ের ব্যাপার। কারণ তিনি ভারতের প্রধান রাজনৈতিক দলের জনপ্রিয় নেতা। রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা তাই থাকছেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় রাহুলের সঙ্গে যোগ দিয়ে দেখেছি, মানুষ এখন কীভাবে চাচ্ছেন রাহুলকে।’ জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রণব মুখার্জি এসব কথা বলেন। বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তাঁর কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এটা ঘটানো হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘কোনো মহল থেকে রাজীব গান্ধীকে ভুল বোঝানো হয়েছিল। পরবর্তী সময়ে রাজীব বলেছিলেন, প্রণব মুখার্জি সম্পর্কে তাঁকে অনেক কথা বলা হয়েছে, যা সত্য নয়। তবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক রয়েছে বলে তিনি জানান।প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে প্রণব মুখার্জি বলেন, ‘তিনি খাঁটি ভদ্রলোক। সৌজন্য ও নম্রতার প্রতীক। আমরা একসঙ্গে কাজ করেছি। তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের বিষয়। তাঁর প্রতি রয়েছে আমার গভীর শ্রদ্ধা।’ প্রধানমন্ত্রী হতে না পারায় কোনো কষ্টে ভোগেন কি না, জানতে চাইলে ইন্ডিয়া টুডেকে প্রণব মুখার্জি বলেন, ‘কখনো না। প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি মনমোহন সিং। আমি যে দায়িত্ব পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। সেই ১৯৬৯ সাল থেকে সংসদে রয়েছি। সরকারে আছি ১৯৭৩ সাল থেকে। কম দিন তো উইকেট আঁকড়ে পড়ে নেই। তাই আক্ষেপ কেন থাকবে?’রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে সেই মন্ত্রিসভায় থাকবেন কি না—এ প্রশ্নের জবাবে প্রণব মুখার্জি বলেন, ‘আমি বৃদ্ধ হয়েছি। এখন আমার বয়স ৭৫। তাই সেই সম্ভাবনা এখন ক্ষীণ। একটা সীমার পরে আর তো যাওয়া যায় না।’ রাষ্ট্রপতি পদে কংগ্রেস বাদে অন্যদের পছন্দের তালিকায় তাঁর নাম আলোচিত হওয়া প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি। এ পদের জন্য দরবার করা মানায় না। যোগ্য ব্যক্তিকেই এই পদে বরণ করে নেওয়া হয়।’