রাহুলকে অপরিপক্ব নেতা বলে অভিহিত করেছে বিজেপি
গুজরাটের উন্নয়নে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে চীনের নেতা মাও সেতুংয়ের মতো বিপদগামী উল্লেখ করে কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর দেওয়া বক্তব্যকে ছেলেমানুষি বলে অভিহিত করেছে বিজেপি।বিজেপির মুখপাত্র নির্মলা সীতারমন গতকাল শনিবার দিল্লিতে বলেন, ‘রাহুল গান্ধী যা বলেছেন, সেটা ছেলেমানুষি ছাড়া কিছু নয়। এখনো দেখা যাচ্ছে তাঁর রাজনৈতিক পরিপক্বতা আসেনি। কংগ্রেসের উচিত এ ব্যাপারটি রাহুলকে বুঝিয়ে দেওয়া।’নির্মলা সীতারমন আরও বলেন, এখন বোঝা যাচ্ছে কংগ্রেস সদ্য সমাপ্ত বিহার বিধান সভার নির্বাচনের ফলাফল থেকে কোনো শিক্ষাই নেয়নি। মানুষ যে স্রেফ পারিবারিক কারিশমা বা মাঝেমধ্যে বিভিন্ন শহরে গিয়ে সভা-সমিতি করাকে আমলে নিচ্ছে না, তার ছবি ফুটে উঠেছে বিহারের নির্বাচনে। রাহুল গান্ধীর এখন উচিত বিষয়টির উপলব্ধি করা।ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী তিন দিনের গুজরাট সফরে এসে গত শুক্রবার রাজধানী আহমেদাবাদে শিক্ষার্থীদের এক সমাবেশে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। গুজরাটের উন্নয়নে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে তিনি চীনের নেতা মাও সেতুংয়ের মতো বলে উল্লেখ করে বলেন, ‘আধুনিক চীনের অন্যতম রূপকার হয়েও মাও সেতুং চীনকে সর্বনাশের পথে নিয়ে গিয়েছিলেন। মোদির ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়ে গেছে।’