ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সংসদীয় দলের নেতার পদে রাহুল গান্ধীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেসের ১০ সাংসদ। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।চিঠিতে বলা হয়, সময়ের প্রয়োজনে এখনই রাহুলকে লোকসভার নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হোক। যদিও সোনিয়া এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার রাহুলের ওপরই ছেড়ে দিয়েছেন। ওই ১০ সাংসদের মধ্যে রয়েছেন পি সি চাকো, ভক্তচরণ দাস, ফ্রান্সিসকো সার্ডিনহার, সঞ্জয় নিরুপম প্রমুখ। লোকসভার কংগ্রেস সংসদীয় দলের নেতার পদে এত দিন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এখন পদটি শূন্য রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংসদদের ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে কংগ্রেস। আগামী মাসে লোকসভার বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সংসদীয় নেতার নাম ঘোষণা করবে।