রাহুলকে ১৫ কোটি রুপি যৌতুকের প্রস্তাব!
ভারতের অভিজাত গান্ধী পরিবারের সদস্য ও ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এখনো অবিবাহিত। বয়স ৪২ পেরিয়েছে। তবুও পাত্র হিসেবে দেশজুড়ে তাঁর চাহিদা শীর্ষে। বিশ্বাস না হলে জেনে রাখুন, একজন নারী রাহুলকে যৌতুক হিসেবে ১৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।জনপ্রিয় ট্যাবলয়েড মিড ডের বরাত দিয়ে জি নিউজে প্রকাশিত এক খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের অধিবাসী ওম শান্তি শর্মা নামের এক নারী সেখানকার প্রত্নতাত্ত্বিক স্থান যন্তর-মন্তরে আমরণ অনশনে বসেছেন গত সোমবার।সাদামাটা হলদে শাড়ি পরে শান্তি শর্মা দুর্যোগপূর্ণ আবহাওয়া মধ্যেও চুপচাপ অনশন চালিয়ে যাচ্ছেন। ঈশ্বরের কাছে তাঁর প্রার্থনা, তিনি যেন তাঁর মেয়ের জন্য একজন ভালো বর জুটিয়ে দেন। এখন পর্যন্ত তাঁর পছন্দ রাহুলকেই। এর বাইরে অন্য কারও কথা তিনি ভাবছেন না। নিশ্চুপ শান্তি শর্মার পেছনে ঝুলিয়ে রাখা একটি প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা আছে, ‘রাহুল গান্ধীর সঙ্গে আমার মেয়ের বিয়ের জন্য প্রার্থনা।’ আরও লেখা আছে, ‘রাহুল যদি এ প্রস্তাব মেনে নেন, তবে তাঁকে যৌতুক হিসেবে ১৫ কোটি রুপি দেওয়া হবে।’ অবশ্য প্ল্যাকার্ডের অন্যান্য বক্তব্য থেকে জানা যায়, অনশনের পেছনে শান্তি শর্মার বঞ্চনাও আছে। তিনি পরিবার ও শ্বশুরবাড়ির কাছে তাঁর সম্পদ দাবি করেছেন।যন্তর-মন্তরে অন্য দাবিতে অনশনে বসা আরেক প্রতিবাদী সন্তোষ মুরাত সিং বলেন, ‘শান্তি শর্মা নীরবতা পালনের পণ করেছেন। তাই তিনি কারও সঙ্গে কথা বলছেন না।’ সন্তোষ অনশন করছেন আরেক অবাক করা ঘটনার প্রতিবাদে। তাঁর অভিযোগ, পরিবারের লোকেরা তাঁকে মৃত ঘোষণা করেছে।স্থানীয় পুলিশ মনে করে, শান্তি শর্মা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুলিশ জানায়, শান্তি তাঁর অনশনের আগে তাঁদের কাছে কোনো অনুমতি নেয়নি। নয়াদিল্লি পুলিশের উপকমিশনার কে সি দ্বিবেদী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।