রাহুলের বিয়ে নিয়ে চিন্তিত প্রিয়াঙ্কা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে আকর্ষণীয় অবিবাহিত পুরুষ কে? প্রশ্নের উত্তরটা সহজ। এক কথায় বলতে গেলে অবশ্যই বলিউডের তারকা সালমান খানের নাম মনে আসতে পারে। কিন্তু একটু ভেবে বললে, বলতে হয় রাহুল গান্ধী। কিন্তু রাহুল কবে বিয়ে করবেন, কেউ জানে না। অনেক দিন থেকেই বলছেন, শিগগির বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু সেই ‘শিগগির’ আর আসেনি। এ নিয়ে চিন্তিত তাঁর বোন প্রিয়াঙ্কাও। ভারতের উত্তর প্রদেশে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত রাহুল গান্ধী। শুধু রাহুল গান্ধীই নন, পুরো গান্ধী পরিবারই প্রচারে নেমে ব্যস্ত সময় পার করছেন। তবে দলকে জেতানোর পাশাপাশি আরেকটি বিষয় নিয়েও চিন্তিত তিনি। আর সেটি হলো রাহুলের বিয়ে। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ৪২ পার করে ৪৩-এর পথে। এখনো কি বিয়ের বয়স পার হতে বাকি আছে? ইতিমধ্যেই অনেকে প্রশ্ন তুলেছেন রাহুল আদৌ বিয়ে করবেন কি না? রাহুলের বিয়ে নিয়ে চিন্তিত প্রিয়াঙ্কাও। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে সে কথাই জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আজ শুক্রবার রায়বেরিলিতে অনুষ্ঠিত এক সভায় রাহুলের বিয়ে নিয়ে কী ভাবছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, স্বাভাবিকভাবেই বোন হিসেবে ভাইয়ের বিয়ে নিয়ে তিনি চিন্তিত। তিনি চান শিগগিরই রাহুলের বিয়ে হোক। তবে কাকে রাহুলের বউ করতে চান, সে ব্যাপারে মুখ খোলেননি প্রিয়াঙ্কা। একসময় শোনা যেত কলম্বিয়ার সুন্দরী ভেরনিকার সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক আছে (অনেকের দাবি ভেরনিকা স্প্যানিশ। বড় হয়েছেন ভেনেজুয়েলায়)। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁদের পরিচয় হয়। সে সময় বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। সেই থেকে রাহুল-ভেরনিকার বিয়ে নিয়ে অনেক কথা পল্লবিত হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু সেই সম্পর্ক এখন পরিণতি লাভ করেনি। ভারতের কোনো সুন্দরী রাহুলের বধূ হন কি না—সেটাই এখন দেখার বিষয়। তাঁর দল কংগ্রেসের নেতাদের একাংশ চান রাহুল উত্তর প্রদেশের কোনো ব্রাহ্মণ পরিবারের মেয়ে বিয়ে করুন। কিন্তু তা কি হবে?