রাহুলের যোগ্যতা যাচাইয়ে প্রধানমন্ত্রী করে দিন: বিজেপি
কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করে দিন। এতে জনগণ তাঁর যোগ্যতা বিচার করতে পারবে। দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক ও প্রধান মুখপাত্র রবি শংকর প্রসাদ গতকাল রোববার তাচ্ছিল্যের সুরে এ কথা বলেছেন।রবি শংকর সাংবাদিকদের বলেন, ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোট সরকারের মেয়াদের এখনো দুই বছর বাকি। জোটের প্রধান শরিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিন। এতে তাঁর দেশ চালানোর যোগ্যতা সম্পর্কে জনগণ জানতে পারবে।’]বিজেপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুলের বেশি কিছু করতে হবে না। শুধু প্রয়োজন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পদত্যাগ করতে বলা।তবে বিজেপির এ আক্রমণের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি বলেছেন, প্রসাদের পরামর্শ ইঙ্গিত করছে যে বিজেপি দেশের প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের যোগ্যতাকে যথেষ্ট মনে করছে। কংগ্রেস নেতা বলেন, প্রসাদ বাস্তবতাকে গ্রহণ করেছেন। রাহুলের নেতৃত্বের যোগ্যতা সম্পর্কে বিজেপি ভালোভাবেই জানে। পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনী মাঠে রাহুলের উপস্থিতি বিজয়ের গতি বেগবান করবে। টাইমস অব ইন্ডিয়া।