রাহেলার চুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহেলা বেগম চুড়ি ও মালা বিক্রি করেন। এখন বইমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে বসছেন। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই এখানে বেচাবিক্রি করছেন তিনি। রাহেলা বলেন, চুড়িগুলো পাইকারি দরে গ্রোস হিসেবে ৮০০ থেকে ৮৫০ টাকায় চকবাজার থেকে কিনে আনেন। বিক্রি করেন ডজন হিসেবে। এক ডজন চুড়ি বিক্রি করলে পাঁচ-ছয় টাকা লাভ থাকে।রাহেলা মালা কিনে আনেন গুলশান ২ নম্বর থেকে। মালাগুলো সস্তা পাথরের। কিন্তু পাথরগুলোয় রং দেওয়ায় দেখতে হীরা, জহরতের মতো মনে হয়। কিছু আবার মুক্তার মালার মতো। তাঁর কাছে পুঁতির মালাও আছে। ফুটপাতে বসে মালা গাঁথছিলেন। তিনি বলেন, প্রতিটি মালা কেনা পড়ে ৭০ থেকে ৮০ টাকায় এবং বিক্রি করেন ১০০ টাকার মধ্যে।২৫ জনের মতো নারী মালা ও চুড়ি বিক্রি করছেন চারুকলা অনুষদের সামনে। রাহেলা জানান, বইমেলা, বসন্ত উৎসব, একুশে ফেব্রুয়ারি ও পয়লা বৈশাখ পর্যন্ত এখানে চুড়ি ও মালা বিক্রি করবেন। একুশে ফেব্রুয়ারিতে রাস্তায় মানুষের চাপ বেশি ছিল, কিন্তু বেচাবিক্রি খুব একটা হয়নি বলে তিনি জানান।রাহেলা বেগমের গ্রামের বাড়ি রংপুরের চিলমারী। ঢাকায় এসেছেন ছয় বছর আগে। তিনি জানান, ঢাকায় এসে তেজগাঁও স্টেশনে থেকেছেন প্রায় এক বছর। এ পর্যন্ত অনেক কাজ করেছেন তিনি। হোটেলে মসলা বাটা, ইট ভাঙার মতো কাজও করেছেন। রাহেলার স্বামী সুন্দর আলী কুলির কাজ করতেন। বছর খানেক আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রেললাইন ধরে তরমুজের বোঝা নিয়ে খিলগাঁও যাচ্ছিলেন সুন্দর আলী। তাঁকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রেন। তিন দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।রাহেলা থাকেন বেগুনবাড়ী বস্তিতে। ঘর ভাড়া এক হাজার ১০০ টাকা। তাঁর সঙ্গে থাকে তিন সন্তান। তিনি জানান, তাঁর বড় মেয়ে কবিতা। তার বয়স ১১ বছর, স্কুলে পড়ে। কবিতা ঘরের রান্নাবান্না করে। ছোট ভাইবোনদের দেখাশোনা করে। বেচাবিক্রি করে রাহেলা বেগমের বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।