রায় নিয়ে প্রতিক্রিয়া জানায়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে রায় ঘোষণার পর ‘পুলিশ, র‌্যাব ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ এনে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি।গতকাল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এ নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতার প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এ বিষয়ে এখন কিছু বলছি না।’বিএনপির দুই নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীমের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। অবশ্য এর আগে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা ও সাবেক সদস্য আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলার রায়ের পরও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।এদিকে গতকাল রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত ব্যক্তিদের সাধারণ মানুষ বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশ-র‌্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব এবং গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যায় গোটা জাতি আতঙ্কিত। এটি ইতিহাসের নৃশংসতম গণহত্যা। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বর্তমান সরকারকে খুনোখুনির সরকার অভিহিত করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষ ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, এই পৈশাচিক ঘটনায় অতীতের নির্মম ফ্যাসিস্ট শাসকেরাও লজ্জায় মুখ ঢাকবে। দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যার নজির একাত্তর সালের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দেশে আজ খুনিদের রাজত্ব চলছে। মানুষ আজ চরম অস্থিরতায় দিন যাপন করছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এবার ক্ষমতারোহণের পর থেকে আওয়ামী শাসক দল প্রতিহিংসা, দুর্নীতি ও দুঃশাসনকে তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করেছে। আজ শাসকগোষ্ঠীর আচরণ দেখে মনে হয়, তারা হত্যাকে আতশবাজির খেলা হিসেবে গণ্য করেছে। তিনি গতকাল সারা দেশে সরকারি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।মির্জা ফখরুল সরকারকে হত্যা ও রক্তারক্তির পথ পরিহার করারও আহ্বান জানান। বিবৃতিতে তিনি গতকাল নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।