রায় পর্যালোচনা করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গত রোববার রাতে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করছে বিএনপি।দলীয় একাধিক সূত্র জানায়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি অনুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করার জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গত রাতে কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রধান বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে।জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রথম আলোকে বলেন, রায় যা-ই হোক, নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে, সে অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি তাঁরা পর্যালোচনা করছেন বলেও জানান তিনি।সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার পর থেকে প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোট এ ব্যবস্থা সংবিধানে আবার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। গত শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির কথা বলেন খালেদা জিয়া। তিনি এ-ও বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।এদিকে রায় ঘোষণার পর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী গতকাল পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রায়ের বিষয়ে এক মঞ্চ থেকে প্রতিক্রিয়া জানানো এবং কর্মসূচি ঘোষণা করার জন্য জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার সঙ্গে কথা বলা হয়েছে।জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, ‘নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের জন্য আমাদের আন্দোলন চলছে। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গণবিরোধী রায় দিয়ে এ আন্দোলন ঠেকানো যাবে না।’ সাত সদস্যের সংখ্যাগরিষ্ঠ বিচারকদের মতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতার বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেন আপিল বিভাগ। এ রায়ের সঙ্গে দুই বিচারক ভিন্নমত পোষণ করেন, একজন বিচারক জাতীয় সংসদের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। বিএনপি সাত বিচারকের রায়ের দিকগুলো খতিয়ে দেখছে।দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘খবরের কাগজগুলোর রিপোর্ট পড়ে রায়ের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। তাই আমরা পূর্ণাঙ্গ রায় পড়ে এরপর আনুষ্ঠানিক বক্তব্য দেব।’সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যালোচনা শেষ না হওয়ায় গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলন পরে স্থগিত করা হয়। যথেষ্ট প্রস্তুতি না নিয়ে তাৎক্ষণিকভাবে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।তবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের মিল নেই। সংক্ষিপ্ত রায়ে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বলা হয়েছিল। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে সংক্ষিপ্ত রায়ের শব্দগুলো নেই। তিনি দাবি করেন, রায় ঘোষণার ১৬ মাস পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সই করেছেন। তিনি এখন সিটিং জজ নন। তিনি এখন আর শপথের মধ্যে নেই। তাই এই রায়ে সই করার আইনগত অধিকারও তাঁর নেই।