সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত রায়ের বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ শুরু করেছে বিএনপি। এ জন্য দলীয় নেতাদের মধ্যে থাকা সংবিধান ও আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি কাজ শুরু করেছে। তবে ওই রায়ের ব্যাপারে বিএনপির প্রতিক্রিয়া কী হবে, তা নির্ধারণে আরও কয়েক দিন লাগতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত কমিটিতে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরী। গত রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কমিটির সদস্যরা প্রথমবারের মতো সভা করেছেন। তবে সভায় রায়ের ব্যাপারে দলীয় অবস্থান নির্ধারণে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। গতকাল সোমবারও কমিটির সদস্যরা রায় পর্যালোচনা করেছেন।বিএনপির একাধিক নেতা জানান, পঞ্চম সংশোধনী নিয়ে গণমাধ্যমের কাছে বক্তব্য না দেওয়ার জন্য চেয়ারপারসন খালেদা জিয়া নেতাদের নির্দেশ দিয়েছেন। গত শনিবার দলটির নবগঠিত জাতীয় নির্বাহীর প্রথম সভায় তিনি এ নির্দেশ দেন। সূত্র জানায়, সভায় খালেদা জিয়া বলেছেন, পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত রায়টির বিভিন্ন স্থানে ব্যাপক জটিলতা আছে। তাই এ ব্যাপারে গণমাধ্যমের সামনে দলের কেউ কিছু বলবেন না। রায় যাচাই-বাছাইয়ের পর এ ব্যাপারে বিএনপি প্রতিক্রিয়া জানাবে।কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘সভায় রায়ের ব্যাপারে আমরা আমাদের নিজ নিজ পর্যবেক্ষণ তুলে ধরেছি। রায়ের কারণে ১১টি অনুচ্ছেদে আনীত সংশোধনী বাতিল ও আদালতের পর্যবেক্ষণ নিয়ে অভিমত তুলে ধরেছি। সভায় উত্থাপিত বিষয়গুলোর সমন্বয়ের মাধ্যমে এ ব্যাপারে বিএনপি দলের অবস্থান পরিষ্কার করবে।’ওই সদস্য জানান, বিএনপি মূলত রায় বাস্তবায়নে সরকারের পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবে। তবে রায় বাস্তবায়নের জন্য ধর্মনিরপেক্ষতা আনা ও ধর্মভিত্তিক দলের রাজনীতি বন্ধের ক্ষেত্রে নানা অসংগতি তুলে ধরে দলটি জনসচেতনতা তৈরি করবে। দলটি রায়ের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে না।বিরোধী দলের রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করছে সরকার: গতকাল এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে সরকার একদলীয় কায়দায় দেশ পরিচালনার ষড়যন্ত্র করছে। এ জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে দ্রব্যমূল্যের প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির চেয়ারম্যান সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।পাকিস্তানের প্রধানমন্ত্রীকে খালেদার চিঠি: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সে দেশের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানিকে চিঠি দিয়েছেন খালেদা জিয়া। চিঠিতে তিনি পাকিস্তানে বন্যায় আক্রান্ত জনগণের প্রতি তাঁর ব্যক্তিগত ও দলীয় সহমর্মিতার কথা উল্লেখ করেছেন।