বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে দুজন আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। তাঁরা হলেন বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন। গতকাল রোববার বেলা তিনটার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুই খুনির পক্ষে এই আবেদন করা হয়। রায়ের অনুলিপি পাওয়ার মাত্র ১৯ দিনের মাথায় এ আবেদন করা হলো।এদিকে আসামি বজলুল হুদা, ল্যান্সার মহিউদ্দিন ও আর্টিলারি মুহিউদ্দিনের প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে এ আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়। আইনমন্ত্রী ফাঁসির রায় বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফিরলে তাঁর মতামতসহ তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানো হবে।অপর তিন আসামির পক্ষে চলতি সপ্তাহেই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে তাঁদের আইনজীবীরা জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, রায় পুনর্বিবেচনার আবেদন করায় দুজনের দণ্ড কার্যকর স্থগিত থাকবে। আজকালের মধ্যে আবেদন শুনানির জন্য উদ্যোগ নেওয়া হবে।তবে বজলুল হুদা ও মহিউদ্দিনের আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রাণভিক্ষার আবেদনের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, দুজনের পক্ষে রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের মৃত্যু পরোয়ানা জারির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।আদালতে উপস্থিত মহিউদ্দিনের স্ত্রী হোসনে আরা বলেন, ‘আমার সঙ্গে কথা না বলে প্রাণভিক্ষা চাওয়ার কথা না। রায় পুনর্বিবেচনার আবেদন করবে, প্রাণভিক্ষা চাইবে কেন? প্রাণভিক্ষার কথা চিন্তাই করা হয়নি।’ বজলুল হুদার বোন মাহফুজা পাশা জানান, প্রাণভিক্ষা চাওয়া হয়নি। কার স্বাক্ষরে প্রাণভিক্ষা চাওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। স্বাক্ষর নেওয়া হলেও তা জোরপূর্বক নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।যোগাযোগ করা হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, ‘শুনেছি, রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। দ্রুত শুনানির জন্য আজকালের মধ্যে আবেদন করা হবে।’ জেল কোড অনুযায়ী এ আবেদন করা হলে দণ্ড স্থগিত হয়ে যায়। কিন্তু প্রাণভিক্ষা চাওয়ার পর রায় পুনর্বিবেচনার আবেদন করার বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।আসামি সৈয়দ ফারুক রহমান ও আর্টিলারি মুহিউদ্দিনের আইনজীবী খান সাইফুর রহমান বলেন, চলতি সপ্তাহে রায় পুনর্বিবেচনার আবেদন করার প্রস্তুতি রয়েছে। আসামি সুলতান শাহরিয়ার রশীদ খানের আইনজীবী আব্দুর রেজাক খান বলেন, চলতি সপ্তাহেই পুনর্বিবেচনার আবেদন করার প্রস্তুতি রয়েছে।প্রধানমন্ত্রী ফিরলে রাষ্ট্রপতির কাছে: বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির ফাঁসির রায় বহাল রাখার পক্ষে মতামত দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফিরলে তাঁর মতামতসহ তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠানো হবে।গতকাল সকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম খান আর্টিলারি মুহিউদ্দিন, ল্যান্সার মহিউদ্দিন ও বজলুল হুদার প্রাণভিক্ষা চেয়ে করা আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে পৌঁছে দেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক জল্লাদ খোঁজাসংক্রান্ত পত্রিকার খবরকে ‘ফালতু’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, তিনজনের প্রাণভিক্ষার আবেদন ও অপর দুজনের অভিমত স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।দুই আসামি ফারুক রহমান ও শাহরিয়ার রশীদের রায় পুনর্বিবেচনার আবেদন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া হয়। সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদন তিনটি গতকাল বিকেল পাঁচটায় আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয় লিখেছে, ‘এই হত্যাকাণ্ড ঘটেছে জাতির জনকের এবং তাঁর পরিবারের ক্ষেত্রে। তাই প্রাণভিক্ষার আবেদন বিবেচনার সুযোগ নেই।’