রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন ড. ইউনূস
আপিল অনুমতির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার ড. ইউনূসের আইনজীবী তানিম হোসাইন প্রথম আলোকে বলেন, গত ৫ মে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনটি করা হয়েছে।গত ২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক গত ৩ মার্চ হাইকোর্টে দুটি রিট আবেদন করেন। শুনানি শেষে গত ৮ মার্চ হাইকোর্ট তা সরাসরি খারিজ করেন। এর বিরুদ্ধে পৃথক আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করা হলে গত ৫ এপ্রিল আপিল বিভাগে তা-ও খারিজ হয়। ওই দিনই লিভ টু আপিল খারিজের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার করে আবার শুনানির জন্য ইউনূস আপিল বিভাগে আবেদন করেন। ওই আবেদনে নয় পরিচালকের করা অপর লিভ টু আপিল একসঙ্গে শুনানির আরজি জানানো হয়। শুনানি শেষে গত ৫ মে আপিল বিভাগ উভয় আবেদন খারিজ করে দেন।