সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) ওপর শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির এক বিশেষ বেঞ্চে সকাল নয়টা ৩২ মিনিটে শুনানি শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অপর তিন আসামির আইনজীবীদের সময় চেয়ে করা আবেদনের ওপর কাল শুনানির দিন ধার্য করেছেন আদালত।আজকের শুনানিতে ওই দুই আসামির আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন তাঁর বক্তব্য উপস্থাপন শেষ করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এক অধ্যাদেশ জারি করে ১৯৭৫ সালে কৃতকর্মের দায় থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে দায়মুক্তি অধ্যাদেশ বাতিল করা হলেও আগের আইনের কার্যক্রম বাতিল হয়ে যায়নি। ১৫ আগস্টের ঘটনাটি তত্কালীন সেনাপ্রধান আগেই জানতেন। এটি পরিকল্পিত ও স্বতঃস্ফূর্ত সেনাবিদ্রোহ বলে তিনি দাবি করেন।এ পর্যায়ে আদালত বলেন, আমরা আপিল বিভাগের রায়ে বলেই দিয়েছি এটা সেনাবিদ্রোহ নয়, হত্যাকাণ্ড। দ্বিতীয় আবেদনের ব্যাপ্তি তুলে ধরে বিচারপতি কৃষ্ণ নায়ারের উদ্ধৃতি দিয়ে আদালত মন্তব্য করেন, ‘রায় পুনর্বিবেচনার বিষয়টি হলো চাঁদে হাত দেওয়ার মতো।’ এ সময় আদালত রায় পুনর্বিবেচনার জন্য অর্থহীন যুক্তি প্রদর্শন না করতে আবদুল্লাহ-আল-মামুনকে উপদেশ দেন।এর আগে, সকালে শুনানির শুরুতে আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিনের (আর্টিলারি) পক্ষে তাঁদের আইনজীবী খান সাইফুর রহমান রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানির জন্য প্রস্তুতি নিতে আদালতের কাছে আরও সময় দেওয়ার আরজি জানান। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, সময় দেওয়া সমীচীন হবে না। খান সাইফুর রহমান তাঁর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন। ১৯ নভেম্বর রায় ঘোষণার দিনই তাঁরা পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন। মামলার অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজাক খান বলেন, সরকার পক্ষ আপিলের সার সংক্ষেপ দেরিতে জমা দিয়েছিল। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আসামি বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের আইনজীবীকে শুনানি শুরু করতে বলেন। নয়টা ৫৫ মিনিটে আবদুল্লাহ-আল-মামুন শুনানি শুরু করেন।