বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের করা রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল রোববার আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) পক্ষে তাঁদের আইনজীবী আদালতে বক্তব্য দিয়েছেন। আজ সোমবার অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের আইনজীবী বক্তব্য উপস্থাপন করবেন। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বিশেষ বেঞ্চ পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন। এসব আবেদন খারিজ হয়ে গেলে আসামিদের দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ৩ জানুয়ারি বিচারিক আদালত পাঁচ আসামির মৃত্যু পরোয়ানা জারি করেন। মৃত্যু পরোয়ানা জারির ২১ দিন পর থেকে ও ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন দিন গণনা চলছে। তবে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরে কোনো আইনি বাধা থাকবে না। তবে তিনজনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি ইতিমধ্যে নাকচ করে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের মতে, এই তিনজন আর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন না। অপর দুই আসামি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, এটি তাঁদের ইচ্ছা।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তির মধ্য দিয়ে এই মামলার আইনি প্রক্রিয়া শেষ হচ্ছে। আবেদনগুলো যদি খারিজ হয়, তাহলে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না। তবে পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না। আপিল বিভাগের রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ২১ দিন পর ও ২৮ দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান রয়েছে। আসামি বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, সর্বশেষ আইনি প্রক্রিয়ার পর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী পুনর্বিবেচনার আবেদন সর্বশেষ প্রক্রিয়া। এটি খারিজ বা গ্রহণ হলে এ সংক্রান্ত আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে। কারা কর্তৃপক্ষ আসামিদের তা অবহিত করবেন। অবহিত করার ২১ দিনের পর ও ২৮ দিনের মধ্যে দণ্ড কার্যকর করার বিধান রয়েছে। সুতরাং বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে আসামিদের দিয়ে প্রাণভিক্ষার আবেদন করানো বেআইনি। আসামিরা প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ পাবেন।গতকালের শুনানি: সকালে শুনানির শুরুতে আসামি সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান প্রস্তুতির জন্য তিন সপ্তাহ সময়ের আবেদন জানান। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক এর বিরোধিতা করেন। আদালত বলেন, দুটি আবেদনের তারিখ ২৪ জানুয়ারি ছিল। একই বিষয় হওয়ায় একসঙ্গে শুনানির জন্য রাখা হয়েছে। অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের আইনজীবী আবদুর রেজাক খানও প্রস্তুতির জন্য সময়ের আরজি জানান।এরপর বজলুল হুদা ও মহিউদ্দিনের (ল্যান্সার) আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ফাঁসির বিষয়ে বিচারিক প্রক্রিয়া শেষ না হলে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা যায় না। আমরা কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম পুনর্বিবেচনার কথা। কিন্তু এর আগেই তাঁদের (আসামি) দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করানো হয়েছে। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আপিল বিভাগ হত্যাকারীদের বিডিআর আইনে বিচারের কথা বলেছেন। আদালত বলেন, বিডিআর সদর দপ্তরে ঘটনা ঘটেছিল। এসব বিবেচনায় বিডিআর আইনের কথা বলা হয়েছে। মামুন আরও বলেন, ১৯৭৫-এর ঘটনা আগে থেকে তত্কালীন সেনাপ্রধান জানতেন। ওই দিন বিদ্রোহ হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আদালত বলেন, আমরা তত্কালীন সেনাপ্রধানের বিচার করতে বসিনি। এ পর্যায়ে মামুন বলেন, আপনাদের সার্বিক বিষয়টি বিবেচনা করতে হবে। আদালত বলেন, আপনি পুনরায় মামলার শুনানি শুরু করতে পারেন না।শুনানির শেষ পর্যায়ে মামুন বয়স বিবেচনা করে পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে আসামিদের অন্য দণ্ড দেওয়ার আরজি জানান। সময় প্রার্থনা: ফারুক ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান এবং শাহরিয়ারের আইনজীবী রেজাক খান প্রস্তুতির জন্য আবারও সময় চান। আদালত বলেন, আজকের (গতকাল রোববার) পর হলে খুশি হবেন? এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পঞ্চম সংশোধনী মামলাটি আংশিক শ্রুত অবস্থায় রয়েছে। সময় দেওয়া উচিত হবে না। খান সাইফুর বলেন, রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) যেভাবে বলেন সেভাবে হয়ে যায় মনে হচ্ছে। এ বক্তব্যের আপত্তি জানিয়ে আনিসুল হক বলেন, এটি ঠিক নয়। আগে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত শুনানির জন্য অপেক্ষা করতে হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, পুনর্বিবেচনার আবেদনের যুক্তিগুলো পড়া যেতে পারে। খান সাইফুর বলেন, যুক্তি পড়া হলে পুনর্বিবেচনার আর কী থাকে? এ পর্যায়ে বেলা সাড়ে ১২টায় আদালত আজ শুনানির দিন ধার্য করেন।