বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) ওপর গতকাল সোমবারও শুনানি হয়েছে। আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের আইনজীবী আব্দুর রেজাক খান একটি টেলিভিশন চ্যানেলে ফাঁসির রশি দেখানো নিয়ে আদালতে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত ফাঁসির রশি না দেখানোর নির্দেশ দেন। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বিশেষ বেঞ্চে আসামিদের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানির গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল শুনানিতে শাহরিয়ারের আইনজীবী বক্তব্য উপস্থাপন শেষ করেন। আসামি সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান বক্তব্য শুরু করেছেন। আজ মঙ্গলবার তিনি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন। গত রোববার আসামি বজলুল হুদা এবং এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) আইনজীবী আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন।গতকাল আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আসামিপক্ষের আইনজীবীরা সংবাদমাধ্যমে ফাঁসির রশি দেখানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন। এটা যেন না হয়, সে জন্য আদালত তথ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছেন। ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। খান সাইফুর রহমান বলেন, সংবাদমাধ্যমে ম্যানিলা রশি দেখানো হয়েছে জেনে আদালত অবাক হয়েছেন। এসব বিষয় দেখাতে নিষেধ করেছেন। রেজাক খান বলেন, বিচারাধীন বিষয়ে প্রচার, প্রচারণা না চালানোর নির্দেশ দিয়েছেন আদালত।গতকালের শুনানি: সকাল সাড়ে নয়টায় রেজাক খান শুনানিতে বলেন, পুনর্বিবেচনার আবেদন শুনানির আগেই মিডিয়ায় ফাঁসির রশি ও মঞ্চ প্রস্তুতের বিষয়টি দেখানো হচ্ছে। এতে মানসিকভাবে আসামিরা ও তাঁদের আত্মীয়রা বিপর্যস্ত হচ্ছে, এটি ঠিক নয়। কোন মিডিয়ায় দেখানো হয়েছে—আদালত জানতে চাইলে তিনি বলেন, টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান। অ্যাটর্নি জেনারেল আসামির আইনজীবীর উদ্দেশে বলেন, কোন চ্যানেলে দেখানো হয়েছে, সরকারি চ্যানেলে? জবাবে রেজাক খান বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে। আসামিপক্ষের অপর আইনজীবী খান সাইফুর বলেন, একটি পাঁঠা বলি দেওয়া হলেও, সেটিকে স্নান করানো হয়, সিঁদুর দেওয়া হয় এবং মাফ চাওয়ানো হয়। এই মামলার ক্ষেত্রে যা কিছু হয়েছে তা মূল্যবোধের পরিপন্থী। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বিচারাধীন এসব বিষয় যাতে দেখানো না হয়, তা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করতে বলেন।এরপর শুনানিতে রেজাক খান বলেন, ১৯৯৬ সালের ১৩ আগস্ট শাহরিয়ার রশিদ খানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১১ ডিসেম্বর তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। অথচ সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির করার কথা। এত দিন পর আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে যে জবানবন্দি আদায় করা হয়েছে, তা আপিল বিভাগের রায়ে বিবেচনা করা হয়নি। তিনি বলেন, জবানবন্দিতে শাহরিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে বলেননি। সাক্ষীরাও বলেননি যে শাহরিয়ার হত্যাকাণ্ডে জড়িত। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী তাঁকে রেডিও স্টেশনে দেখা গেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটনার দিন সকালে তাঁকে নিয়োগ দেওয়া হয়। আদালত বলেন, ওই দিন দেশের রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। একজন চাকরিচ্যুত কর্মকর্তাকে কেন নিয়োগ দেওয়া হলো? জবাবে রেজাক খান বলেন, অবসরপ্রস্তুতি ছুটি থেকে এনে সেনাপ্রধান নিয়োগ করার নজিরও রয়েছে। আদালত বলেন, নির্দিষ্ট সাক্ষীর ওপর ভিত্তি করে নয়, পুরো ঘটনাগত বিষয় ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। রেজাক খান বলেন, সাক্ষীদের জেরা আলোচনায় নেওয়া হয়নি। মামলার বাদীর জেরা মূল রায়ে আমলে নেওয়া হয়নি। রায়ে অভিন্ন উদ্দেশ্য ও ষড়যন্ত্র দুটি ধারায় শাহরিয়ারকে দণ্ড দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দুই ধারায় একত্রে অভিযোগ গঠন করা হয়নি। তাই পুনর্বিচারের সুযোগ রয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন কারাগারে থাকলে পুনর্বিচার করা যাবে। শুনানির শেষপর্যায়ে ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর বলেন, এই মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কোনো অজুহাত দাঁড় করানো হয়নি। মনগতভাবে সেনা বিদ্রোহের ইচ্ছা পোষণও সেনা বিদ্রোহ। সেনা বিদ্রোহের সংজ্ঞা ও আইনে অন্তর্নিহিতভাবে যেকোনো অপরাধে উসকানিমূলক কাজ বা ইচ্ছাপোষণও সেনা বিদ্রোহের সংজ্ঞায় পড়ে।