রায় পুনর্বিবেচনার শুনানি শেষ, আজ আদেশ দেবেন আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা রায় পুনর্বিবেচনা আবেদনের (রিভিউ) শুনানি গ্রহণ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। আজ আবেদনগুলোর ওপর আদেশ দেবেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বিশেষ বেঞ্চ। তৃতীয় দিনে গতকাল উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত আদেশ প্রদানের এই দিন ধার্য করেন। শুনানি শেষে বেলা সোয়া ১১টায় আদালত বলেন, ‘আগামীকাল (আজ) আদেশ দেওয়া হবে।’ গতকাল বিকেলে প্রকাশিত আপিল বিভাগের আজকের দৈনন্দিন কার্যতালিকায় পৃথক পাঁচটি আবেদন আদেশ প্রদানের জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে। কারাগারে আটক পাঁচ আসামি হলেন—বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার), সুলতান শাহারিয়ার রশিদ, সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিন (আর্টিলারি)।এই আদেশ প্রদানের মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারিক কার্যক্রম উচ্চ আদালতে শেষ হতে যাচ্ছে। এরপর শুরু হবে খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া। এর আগে ২০ জানুয়ারি প্রধান বিচারপতি পাঁচ খুনির রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর ২৪ জানুয়ারি শুনানির ক্ষণ নির্ধারণ করেছিলেন। টানা তিন দিন শুনানি গ্রহণ করেন আদালত।গতকাল শুনানি শেষ হলো: সকাল নয়টায় ২২ মিনিটে শুনানিতে অংশ নিয়ে সৈয়দ ফারুক রহমান ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়েছে। অভিযুক্তরা সেনা কর্মকর্তা। সাক্ষ্য আইনের ১ নম্বর ধারা তুলে ধরে তিনি বলেন, সাক্ষীরা সবাই বলেছে ওই দিন বিদ্রোহ হয়েছে। ঘটনাটি কেন সেনা বিদ্রোহ নয়, এই উত্তর রায়ে নেই। তাই এই ঘটনার বিচার সেনা আইনে হতে হবে। ওই দিন সেনাসদস্যরা শৃঙ্খলা ভঙ্গ করেছে, ট্যাংক বের হয়েছিল। এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। সেনা বিদ্রোহ হলে ষড়যন্ত্র থাকতে হবে, এটি ঠিক নয়। দুটি ইউনিট বিদ্রোহ ঘটাতে পারে। সেনা বিদ্রোহ হলে সেনা আইনে বিচার হতে হবে—এটি সেনা আইনের বিধান। সকাল সাড়ে ১০টায় শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, আইনগত ত্রুটি, ভুল থাকলে সীমিত পর্যায়ে পুনর্বিবেচনার আবেদন করা যায়। আপিল বিভাগের রায় সম্পূর্ণ ও স্পষ্ট। রায়ে বঙ্গবন্ধু পরিবারের ভোগান্তির বিষয়টি স্থান পেয়েছে, যা জাতির জন্য একটি বার্তা পৌঁছে দিয়েছে। কেন বিলম্বে অভিযোগ গঠন করা হয়েছে, সে বিষয়ে আইনগতভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসব বিবেচনায় পুনর্বিবেচনার আবেদনগুলো খারিজ হওয়ার যোগ্য। এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দাঁড়িয়ে একাধিক নজির তুলে ধরে বলেন, পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য নয়। হত্যা হয়েছে, এটি জঘন্য অপরাধ। সাধারণ আইনে বিচারের বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। পুনর্বিবেচনার আবেদন আপিল নয়। বড় ভুল না থাকলে পুনর্বিবেচনার আবেদন করা যায় না। রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি তওফিক নেওয়াজ বলেন, পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য নয়। বজলুল হুদা ও মুহিউদ্দিনের (আর্টিলারি) আইনজীবী খান সাইফুর রহমান বলেন, আইন ও ঘটনার ভুল প্রয়োগ হয়েছে। অপর দুই আসামির আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানও। তাই রাষ্ট্রপতি সেনাসদস্য, না সেনাসদস্য নন—এটি বিবেচনার বিষয়। সোয়া ১১টায় শুনানি শেষে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে আজ আদেশের দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌঁসুলি এ এফ এম মেজবাহ উদ্দিন, আবদুল মতিন খসরু, আজমালুল হোসেন কিউসি, শেখ ফজলে নূর তাপস ও শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। আসামি বজলুল হুদা, মহিউদ্দিনের (ল্যান্সার) পক্ষে আবদুল্লাহ আল মামুন এবং শাহারিয়ার রশিদ খানের আইনজীবী আবদুর রেজাক খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য: আদালত থেকে বেরিয়ে শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘পুনর্বিবেচনার আবেদন টিকতে পারে না, রায়ে ভুল নেই। ভিন্নতর রায় দেওয়ার অবকাশ নেই। চোখে দেখলে ত্রুটি রয়েছে, সেটি এ ক্ষেত্রে দেখানো সম্ভব হয়নি। এরশাদ শিকদার ও ইটিভির মামলার পুনর্বিবেচনার আবেদনের নজির তুলে ধরেছি।’ আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান বলেন, ‘গদাধর বাবু সব পারে, পারে না বিধিলিপি খণ্ডাতে।’ তিনি বলেন, ‘বিচারের বাণী নিভৃতে কাঁদে এখন দেখছি। আমার হতাশা এখনো থেমে যায়নি, চলমান আছে। আইন মেনে বিচার করতে হবে। অপরাধ প্রমাণ করতে হবে রাষ্ট্রপক্ষকে।’ ১৩ বছর অপেক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘পৌনে দুই বছর দৌড় কোথায় ছিল? আদালতের তারিখ কি আমরা দিই? রাষ্ট্রপক্ষ দেয়, এখন দেখছি। নিয়তি যা হবার তা হবে। নিজের বিবেকের সঙ্গে যদি কেউ প্রতারণা করে, তার পরিত্রাণ হয় না।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, পুনর্বিবেচনার আবেদনে যেসব যুক্তি দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এগুলো আপিলের শুনানিতে উঠে এসেছে। বই খুলে যদি ভুল পরিলক্ষিত হয়, তাহলে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। আসামিপক্ষ বিদ্রোহ, জবানবন্দি ও ষড়যন্ত্র সম্পর্কে বক্তব্য রেখেছেন। এতে নতুন কিছু উঠে আসেনি। তিনি বলেন, বিচারপতিরা প্রথমত মানুষ, দ্বিতীয়ত বিচারপতি। এ জন্য যেকোনো ফৌজদারি মামলার রায়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বর্ণনা উঠে আসে। বিচারের এই রায় সমাজকে দিকনির্দেশনা দেয়। বলা হয়েছে, আইনি অধিকার খর্ব করা হয়েছে, অথচ ফৌজদারি কার্যবিধি ও সংবিধান অনুযায়ী আসামিপক্ষ সব সুযোগ পেয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৩ বছর কেন, ১৩০ বছর সময় দেওয়া হলেও তাদের বক্তব্য উপস্থাপন শেষ হবে না।ফিরে দেখা ঘটনাপ্রবাহ: গত বছরের ১৯ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এই রায় পুনর্বিবেচনার জন্য পাঁচ আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা ১০, ১২ ও ১৯ জানুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পুনর্বিবেচনার আবেদন করেন। এর আগে ৩ জানুয়ারি আদালত থেকে পাঁচ আসামির মৃত্যু পরোয়ানা জারি করেন ঢাকা জেলা ও দায়রা জজ। এরপর ৯ জানুয়ারি তিন আসামি বজলুল হুদা, মুহিউদ্দিন (আর্টিলারি) ও মহিউদ্দিন (ল্যান্সার) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন। অপর দুই আসামি প্রাণভিক্ষার আবেদন করেননি। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। কিন্তু এ হত্যাকাণ্ডের বিচার পদে পদে বাধার মুখে পড়ে। ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশের কারণে বিচার শুরু করা যায়নি। তাই হত্যাকাণ্ডের দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার। একই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ১৯৯৮ সালের ৮ নভেম্বর তত্কালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি শেষে ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চ ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে তিনজনকে খালাস দেন। এই ১২ আসামির মধ্যে একজন মারা গেছেন, ছয়জন পলাতক রয়েছেন। অপর পাঁচজন কারাগারে আটক রয়েছেন।