রায় প্রত্যাখ্যান করে দুই পক্ষই হরতাল ডেকেছে আজ
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের বিরুদ্ধে ৯০ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে ‘পাল্টাপাল্টি দাবিতে’ আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ১১টি ছাত্র-যুবসংগঠন ও জামায়াতে ইসলামী। এর মধ্যে ছাত্র-যুবসংগঠনগুলো হরতাল ডেকেছে গোলাম আযমের ফাঁসির দাবিতে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হরতাল সমর্থন করে তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী গোলাম আযমের অপরাধের বিরুদ্ধে গণ-আদালতের যে রায় ছিল, সেই রায় বাস্তবায়ন করতে হবে।’ অন্যদিকে ঘোষিত রায় প্রত্যাখ্যান করে ‘গোলাম আযমের মুক্তি, অব্যাহতভাবে সরকারের হত্যা, সন্ত্রাস, গণগ্রেপ্তার, গণনির্যাতনের প্রতিবাদে’ হরতাল ডেকেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজকের হরতাল কর্মসূচির ঘোষণা দেন। গোলাম আযমকে সর্বোচ্চ শাস্তি না দেওয়ায় বিক্ষুব্ধ ছাত্রসংগঠনগুলোর নেতারা গতকাল বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে বৈঠক করেন। বৈঠকে গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে সর্বোচ্চ শাস্তি দাবিতে আজ মঙ্গলবার হরতাল ঢাকার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে হরতাল কর্মসূচির কথা গণমাধ্যমকর্মীদের জানানো হয়।বৈঠক শেষে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ প্রথম আলোকে বলেন, ‘রাজাকারদের নেতা গোলাম আযমের এই রায় মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে হরতাল ডাকা হয়েছে।’ তিনি জানান, হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হচ্ছে—ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (খালেকুজ্জামান), ছাত্রফ্রন্ট (মবিনুল হায়দার), ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্রঐক্য ফোরাম, ছাত্র সমিতি, জাসদ ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রসংহতি ও যুব ইউনিয়ন। আজকের হরতালের সমর্থনে গত রাতে শাহবাগ থেকে ছাত্রসংগঠনগুলো মশাল মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রলীগের সমর্থন নেই: গণজাগরণ মঞ্চের আন্দোলনের শুরু থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সক্রিয়ভাবে অংশ নিলেও আজকের হরতালে ছাত্রলীগ সমর্থন দেয়নি। এমনকি গোলাম আযমের রায়ের পর গতকাল শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতেও ছাত্রলীগকে দেখা যায়নি। জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘গোলাম আযমের বিরুদ্ধে এ রায়ে আমরা সন্তুষ্ট নই। তবে যেহেতু আদালত রায় দিয়েছেন, সেহেতু আমরা এর প্রতি শ্রদ্ধাশীল। তাই হরতালের কর্মসূচিতে আমাদের সমর্থন নেই। আমরা শাহবাগেও আসব না।’