রায় বাস্তবায়নে আরও ছয় মাস সময় পেল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চারপাশের নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু রক্ষায় হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়নের জন্য আরও ছয় মাস সময় পেয়েছে সরকার। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের দুই বছর সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এখন ২০১১ সালের ৩০ মে পর্যন্ত সময় পাচ্ছে সরকার। আদালত প্রতি তিন মাস অন্তর রায় বাস্তবায়নের অগ্রগতি আদালতে দাখিল করতে নদীগুলোর গতিপথে পড়া ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন।এ ছাড়া রায়ের দুটি নির্দেশনা সংশোধনের জন্য সরকারপক্ষের আরজি মঞ্জুর করা হয়নি বলে জানিয়েছেন নদী রক্ষার লক্ষ্যে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে নদীর সীমানায় থাকা সব স্থাপনা উচ্ছেদ এবং নদীর তীরে পায়ে হাঁটা পথ নির্মাণ করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়। সরকার ওই নির্দেশনা দুটি সংশোধনের জন্য আবেদন করে। কিন্তু এ আরজি মঞ্জুর হয়নি।মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের জুন মাসে হাইকোর্ট চার নদী রক্ষায় নির্দেশনা দিয়ে ওই রায় দেন। আদালত ওই বছরের নভেম্বরের মধ্যে ভূমি জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়কে ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস রেকর্ড অনুসারে নদীগুলোর সীমানা নির্ধারণ করতে বলেন। জরিপ কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে কাগজপত্র জমা দেন।ঘটনাপ্রবাহ: নদী রক্ষার রায়ের কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠনটি হাইকোর্টে এ বছর আরেকটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি হাইকোর্ট এক মাসের মধ্যে উচ্ছেদ ও অপসারণের কাজ শুরুর নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর সীমানায় থাকা স্থাপনা সরাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নোটিশ দেয়।তবে নদী রক্ষায় দেওয়া রায় পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের অন্য একটি বেঞ্চে আবেদন করে। জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে—এ মত দিয়ে চলতি বছরের ২১ মার্চ আবেদনগুলো খারিজ করে রায় দেন আদালত। এর বিরুদ্ধে সাতটি প্রতিষ্ঠান আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করলে তাও খারিজ হয়। গত ৫ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অনুমোদিত ও সংস্থাটির কাছ থেকে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ না করার নির্দেশনা চেয়ে করা আবেদনও খারিজ হয়। সর্বশেষ ৪ অক্টোবর সরকারপক্ষ রায় কার্যকরের জন্য দুই বছর সময় ও দুটি নির্দেশনা সংশোধন চেয়ে আবেদন করে। এ আবেদনের ওপর ৫ অক্টোবর শুনানি হয়।বাস্তবায়নের সর্বশেষ অবস্থা: হাইকোর্টের রায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াও নদীর সীমানা নির্ধারণী পাকা খুঁটি স্থাপন ও সীমানার মধ্যে জমে থাকা বালু, মাটি, ভাঙা ইট বা সুরকি (গার্বেজ) অপসারণ করার কথাও বলা হয়। চার নদীকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতেও সময় বেঁধে দেওয়া হয়। এ ছাড়া বনায়ন ও দুই বছরের মধ্যে চারটি নদীতে প্রয়োজনীয় খননকাজ করতে বলা হয়। যোগাযোগ করা হলে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ১২ দফা নির্দেশনায় তিন মাসের মধ্যে নদী কমিশন গঠন করতে বলা হয়। কিন্তু তা না করায় সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে চার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এখনো সীমানা খুঁটি স্থাপন করা হয়নি। তবে উচ্ছেদ কার্যক্রম চলছে।