ঢাকায় চারটি নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায় বাস্তবায়নের জন্য সরকারকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সময় দেন। একই সঙ্গে আদালত হাইকোর্টের রায় বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তিন মাস পর আদালতে দাখিল করতে বলেছেন।ঢাকার চারটি নদীর দখল-দূষণ রোধে হাইকোর্টের দেওয়া রায় সংশোধন (মোডিফিকেশন) চেয়ে সরকার গত সোমবার আবেদন করে। এতে রায় বাস্তবায়নের জন্য দুই বছর সময় চাওয়া হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ ও ২৫ জুন হাইকোর্ট বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এতে নদীর তীরবর্তী অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়। ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে ভূমি জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয় সমন্বিতভাবে ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস রেকর্ড অনুসারে নদীগুলোর সীমানা নির্ধারণের কথাও বলা হয়। এ অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ দেয়।তবে ওই রায় পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদন করে। চলতি বছরের ২১ মার্চ জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে বলে আবেদনগুলো খারিজ করে রায় দেন। তবে এতে স্থগিতাদেশ চেয়ে পৃথক সাতটি আবেদন করা হয়। পরে ৩ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাতটি প্রতিষ্ঠানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন আপিল বিভাগ। সর্বশেষ ৫ আগস্ট বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটির (বিআইডব্লিইটিএ) অনুমোদিত ও সংস্থাটির কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ না করার নির্দেশনা চেয়ে করা আবেদনও খারিজ করেন হাইকোর্ট। চার নদী রক্ষায় এর আগে হাইকোর্টের দেওয়া রায়ে স্পষ্টতা (রিমুভ কনফিউশন) চেয়ে বিআইডব্লিইটিএ এই আবেদনটি করেছিল। ওই আদেশে বলা হয়, দরখাস্তকারী (বিআইডব্লিইটিএ) যে যুক্তিগুলো উপস্থাপন করেছে, সেসব বিষয় ইতিমধ্যে আপিল বিভাগে দায়ের করা ব্যবসায়ীদের মামলায় আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে যুক্তিগুলো গ্রহণ করেননি। তাই একই বিষয়ে পুনরায় সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নেই।