রায় লেখায় দক্ষতা অর্জনের আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায় লেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আজকাল যে রায়গুলো আমরা পাই, সেগুলো যে খুব ভালোভাবে লেখা হয়, তা বলতে পারছি না। খুব ছাড়া ছাড়া, কেমন যেন একটু আসামঞ্জস্যপূর্ণ। আইনের প্রতি যে দক্ষতা সেটার যেন একটু অভাবই বোধ করি। আইন কখন, কোথায়, কীভাবে ব্যবহার হবে, সেটা শিখতে হবে। অনুশীলন, পড়াশোনা ও ক্রমাগত রায় লেখার মাধ্যমে এটা অর্জন করতে হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। অনুষ্ঠানে আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি নাজমুন আরা সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, নারী বা প্রথম মুনসেফ বলে তিনি (বিচারপতি নাজমুন আরা সুলতানা) আপিল বিভাগের বিচারপতি হননি। তাঁর রায় দেখার সুযোগ হয়েছে। তিনি পড়াশোনা করেন ও জ্ঞানের গভীরতা রয়েছে—এটা রায়ে বোঝা যায়। সাম্প্রতিক সময়ে কিশোরীদের আত্মহত্যার প্রবণতায় ভীতসন্ত্রস্ত বোধ করে প্রধান বিচারপতি বলেন, যে পরিমাণ আত্মহত্যার ঘটনা ঘটেছে, মেয়েদের নির্যাতনের পরিমাণ বেড়েছে, আমরা উন্নতির দিক থেকে অবনতির দিকে এগোচ্ছি। এসব সমস্যার সমাধানে বিচারপতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অ্যাসোসিয়েশনের সভাপতি জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নামজুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা সুলতানা প্রমুখ।অনুষ্ঠানে বিচারপতি নাজমুন আরা সুলতানার প্রশংসা করে বক্তরা বলেন, তিনি (বিচারপতি নাজমুন আরা সুলতানা) নারীদের জন্য পথিকৃত্ ও পথপ্রদর্শক। তাঁকে যোগ্যতা প্রমাণ করতে অনেক সাধনা ও পরীক্ষা দিতে হয়েছে। সংবর্ধনায় বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, তিনি অভিভূত। সর্বোচ্চ আদালতে একজন নারী বিচারপতি প্রগতিশীল পুরুষ ও নারীর জন্য আনন্দের। সর্বোচ্চ আদালতে একদিন সমসংখ্যক নারী ও পুরুষ বিচারপতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভয়ভীতি ও রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে উপস্থিত বিচারকদের প্রতি আহ্বান জানান।