রায় হয়েছে শিশুর ভরণ-পোষণ দেবে রাষ্ট্র, কিন্তু আজও পায়নি
আদালতের রায়ে বলা হয়েছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু মিলনের ভরণপোষণ দেবে রাষ্ট্র, কিন্তু দিতে হচ্ছে তার অসহায় মা মালা খাতুনের। আদালত আরও নির্দেশ দিয়েছেন, ধর্ষণকারী ইসলামই মিলনের বাবা। মিলন সেই পরিচয়ে বড় হবে। কিন্তু শিশু মিলন তা থেকেও বঞ্চিত। বাবা হিসেবে ইসলাম আলীর পরিচয় দিতে বাধা দেওয়া হয় মিলনকে। ইসলাম আলীর পরিবার কখনো এই পরিচয় মেনে নেয়নি।২০০৫ সালে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এই রায় দেওয়ার পর ছয় বছর অতিক্রম হয়েছে। মিলন আজ পর্যন্ত ভরণপোষণের কোনো টাকা পায়নি। এমনকি বাবার পরিচয় দেওয়ার নিশ্চয়তাটুকুও মেলেনি। বর্তমানে শিশু মিলন আর তার অসহায় মা মালা খাতুন বসবাস করছেন ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মালার বাবা কাশেম আলীর বাড়িতে। সেখানে থেকে মালা একটি বেসরকারি স্কুলে মাত্র ৫০০ টাকা বেতনে মাস্টারোলে আয়ার কাজ করেন। এই দিয়ে আর বাবার সহযোগিতায় তাঁদের সংসার চলে। শিশু মিলন পাশের কালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে।প্রসঙ্গত, ২০০৫ সালের ১৩ জানুয়ারি ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত দায়রা জজ মো. শাহজাহান মজুমদার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলার রায়ে শিশু মিলনের ভরণপোষণ রাষ্ট্র দেবে বলে আদেশ দেন। রায়ে অভিযুক্ত ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজ মৃধার পুত্র ইসলাম মৃধাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ইসলাম মৃধা সেই থেকে এখনো কারাগারে আছেন। রায়ে আরও বলা হয়, একই গ্রামের কাশেম আলীর মেয়ে মালা খাতুনের গর্ভে জন্ম নেওয়া শিশু মিলনকে তার মা কিংবা মাতৃকুলীয় আত্মীয়স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে এবং সে তার মা-বাবা বা উভয়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকারী হবে। ভরণপোষণের সময় সম্পর্কে আইনজীবী আবদুল্লাহ মিন্টু জানান, মিলনের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত ভরণপোষণের এই অর্থ পাওয়ার কথা।মালার বাবা লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেম জানান, ২০০০ সালের আগে তাঁদের পাশের বাড়ির ইসলাম মৃধা তাঁর মেয়ে মালা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ কথা তিনি জানতেন না। ইসলাম একদিন তাঁর মেয়েকে ঝিনাইদহ শহরে নিয়ে গিয়ে বিয়ের নাটক করে। উভয়েই একটি কাগজে স্বাক্ষর করে বিয়ে হয়ে গেছে বলে মালাকে জানায় ইসলাম। এরপর মালার সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করতে থাকেন। আর বিয়ের কথাটি গোপন রাখতে অনুরোধ করেন। অল্প দিনের মধ্যে ঘরে তুলে নেবেন বলে জানান। একপর্যায়ে মালার গর্ভে বাচ্চা আসে। তখন মালা তাঁকে ঘরে তুলে নিতে বললে ইসলাম বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে গ্রামে সালিস বসে। সেখানে ইসলাম মৃধা মালাকে স্ত্রী হিসেবে ঘরে তুলে নিতে চাইলেও পরে অস্বীকার করে। তাই তিনি বাদী হয়ে মালার গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে এবং মালার সঙ্গে প্রতারণার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় রায় ঘোষণার পর তিনি আশা করেছিলেন, মিলনকে বড় করে তুলে মালার দুঃখ কিছুটা হলেও ঘোচাতে পারবেন। কিন্তু আদালতের রায় থাকার পরও আজও ভরণপোষণের কোনো টাকা পাননি তাঁরা। তাই মিলনকে মানুষ করতে পারছেন না। তাঁর তিন মেয়ে এক ছেলে। পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালান। ইচ্ছা থাকলেও মিলনকে মানুষ করা তাঁর পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে।মালা খাতুন জানান, রায় ঘোষণার ছয় বছর পরও শিশুপুত্র মিলনের ভরণপোষণ বাবদ কোনো টাকা পাননি। তিনি বলেন, রায়ে বলা হয়েছে রাষ্ট্র ভরণপোষণ দেবে; কিন্তু কে দেবে বা কোথা থেকে পাবেন, তা তিনি বুঝতে পারছেন না। তাই একটি বছর বিভিন্ন স্থানে ছুটে বেড়িয়ে আর ছুটছেন না। আদালতের একাধিক আইনজীবী তাঁকে বলেছেন, এই টাকা পেতে হলে তাঁকে এখন একটি জারি মামলা করতে হবে, কিন্তু অর্থের অভাবে তিনি তা করতে পারছেন না। নয় বছর বয়সের শিশু মিলনের কাছে তার পিতার নাম জানতে চাইলে ইসলাম বলে জানায়। তবে এই নাম অন্য কোথাও বলতে পারে না বলে উল্লেখ করে সে। কারণ, তাহলে ইসলাম মৃধার পরিবার থেকে তাকে হুমকি দেওয়া হয়।ইসলাম আলী মৃধার বাবা আবদুল আজিজ মৃধা জানান, তাঁর ছেলে এ ঘটনায় মোটেও দায়ী নন। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ওই মেয়ের চরিত্র আগে থেকেই ভালো নয়। দোষ না করেও তাঁর সন্তান হাজতবাস করছে। তিনি বলেন, মালার সঙ্গে তাঁর ছেলের বিয়ে হয়নি। তাই ওই সন্তান তাঁদের বংশের পরিচয়ে পরিচিত হতে পারে না। তিনি বলেন, সন্তানকে মুক্ত করতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আদালতের রায় সত্ত্বেও দীর্ঘ ছয় বছর কেন মিলন ভরণপোষণের টাকা পাচ্ছে না, এ ব্যাপারে সিনিয়র আইনজীবী আবদুল্লাহ মিন্টু বলেন, ভরণপোষণ রাষ্ট্র দেবে মর্মে আদালত যেহেতু রায় দিয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে আদালতের পরামর্শ নেওয়া উচিত। তবে এখনো না পেয়ে থাকলে ভরণপোষণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে আরেকটি মামলা করতে পারেন।