পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত উচ্চ আদালতের রায়কে সংবিধানের অংশ বিবেচনা করে সংবিধান সংশোধনের কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। রায়ে দেওয়া পর্যবেক্ষণগুলোকেও কমিটি আমলে নিচ্ছে। ২৪ আগস্ট থেকে সংবিধান সংশোধনে করা কমিটির মূল কাজ শুরু হবে।গতকাল রোববার সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৪ জন সদস্য যোগ দেন। আবদুর রাজ্জাক দেশের বাইরে আছেন। উচ্চ আদালতের রায় এবং নির্দেশনার আলোকে সংবিধানের সংগতি-অসংগতি চিহ্নিত করে চারটি প্রতিবেদন কমিটির সভায় উপস্থাপন করা হয়। সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয় থেকে একটি করে এবং আইন কমিশনের পক্ষ থেকে দুটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা এসব প্রতিবেদন পড়ে আগামী সভায় মতামত দেবেন। সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদকে বিশেষ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে সব সভায় তাঁরা যোগ দেবেন।সভা শেষে সংসদ ভবন মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী বৈঠক থেকে কমিটি সংবিধান সংযোজন-বিয়োজনের মূল কাজ শুরু করবে। গতকালের বৈঠকে উত্থাপিত প্রতিবেদনগুলোতে বেশ কিছু অসংগতির কথাও উল্লেখ করা হয়েছে বলে জানালেও বিস্তারিত বলতে রাজি হননি তিনি।আদালতের রায়ের সঙ্গে সংবিধানের সংগতি-অসংগতিসম্পর্কিত এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, এই অসংগতিগুলো এখনই জনসমক্ষে বলার মতো নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দালাল আইন পুনরুজ্জীবিত হয়ে গেছে। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। জানা গেছে, সভায় সামরিক আইন জারির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ কী প্রক্রিয়ায় স্থায়ীভাবে বন্ধ করা যায় এবং সে ক্ষেত্রে সংবিধানে কী অনুচ্ছেদ যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে রায়ে থাকা নির্দেশনাকে সংবিধানে শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেওয়া হয়। হাইকোর্টের রায়ে খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসন অবৈধ ঘোষণার বিষয় নিয়ে গতকাল আলোচনা করা হয়। রায়ে সংবিধান স্থগিত করা, অংশবিশেষ স্থগিত করা অগ্রহণযোগ্য বলা হয়েছে। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়কালের সামরিক ফরমানকে বাতিল করা হয়েছে। তবে ওই সময়কার কিছু বিষয় রাখা হয়েছে। আইন কমিশনের প্রতিবেদনে এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানা গেছে।