রায়কে স্বাগত জানাল সরকারি দল
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়কে স্বাগত জানিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। দলীয় নেতারা এই রায়কে যুগান্তকারী ও গণতন্ত্রের জন্য মাইলফলক বলে মন্তব্য করেন।সরকারি দলের নেতারা মনে করেন, দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকলে গণতন্ত্র ব্যাহত হতে পারে। তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে দলগুলোর মধ্যে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার প্রয়োজন আছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই রায় দূরদর্শী ও সাহসী। জাতীয় সংসদে এক সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গুরুত্বসহকারে বিবেচনা করবে। তিনি বলেন, বিশেষ কমিটিও নীতিগতভাবে একমত যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অনন্তকালের জন্য থাকতে পারে না।সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাধায়ক সরকারের দায়িত্ব থেকে দূরে রাখার বিষয়ে আদালতের পরামর্শকে সমর্থন জানিয়ে সুরঞ্জিত বলেন, এখন বল এসে পড়েছে রাজনীতিকদের কোর্টে। তাই বিশেষ কমিটি পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে।তত্ত্বাবধায়ক সরকারে সর্বশেষ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিকে না রাখার যে দিকনির্দেশনা আদালত দিয়েছেন, তাকে অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, প্রধান বিচারপতি নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের বাইরে রাখার জন্য সংসদকে দায়িত্ব দিয়েছেন। এ উদাহরণ বড়ই বিরল। বিষয়টি রাজনীতিবিদ ও রাজনৈতিক সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এখন সব দায়দায়িত্ব রাজনৈতিক সরকার ও দলগুলোকে বহন করতে হবে। পাশাপাশি রায়ের ফলে রাজনীতিতে সমঝোতার পথ প্রসারিত হবে এবং সাংঘর্ষিক রাজনীতির পথ রুদ্ধ হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও দুই মেয়াদের জন্য রাখার ব্যাপারে আদালত যে মত দিয়েছেন, সে সম্পর্কে সুরঞ্জিত বলেন, এখন দেশের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার চিরস্থায়ী ব্যবস্থা নয়। এটা আপৎকালীন আপাতত ব্যবস্থা। দীর্ঘ সময় এই ব্যবস্থা রাখলে গণতন্ত্র ব্যাহত হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তিনি বলেন, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এখনো সময় আছে, বিরোধী দলের উচিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনা করা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এই রায় যুগান্তকারী হয়ে থাকবে। বর্তমান সরকারের অধীনে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। স্বাধীন নির্বাচন কমিশন থাকায় বর্তমান সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।