রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা
চিকিত্সকের সংকটসহ বিভিন্ন কারণে এখন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা। উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের চিকিত্সাসেবার একমাত্র সরকারি ওই প্রতিষ্ঠানটি তাদের কোনো কাজে আসছে না। সরেজমিনে গিয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি এখন নিজেই রোগী হিসেবে দাঁড়িয়ে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিত্সকের পদ রয়েছে ১৮টি, অথচ বর্তমানে কর্মরত আছেন মাত্র পাঁচজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নয়টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন চিকিত্সক। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাক দাপ্তরিক ও বিভিন্ন কাজে প্রায় দিনই ব্যস্ত থাকেন। জুনিয়র কনসালটেন্ট (গাইনি) শাহানা বেগম থাকেন সিরাজগঞ্জ জেলা শহরে। তিনি সপ্তাহে দু-তিন দিন আসেন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিত্সাসেবা ভেঙে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত তিনজন চিকিত্সককে প্রেষণে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। ধুবিল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক গোলাম সারওয়ার ঢাকা থেকে, নলকা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক এম এ জলিল উল্লাপাড়া থেকে এবং ধানগড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক লিটন কুমার সাহা উপজেলার ব্রহ্মগাছা থেকে দায়িত্ব পালন করেন। এতে জরুরি প্রয়োজনে কোনো মানুষ এখান থেকে স্বাস্থ্যসেবা পায় না। অথচ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সব চিকিত্সকের বসবাসের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ব্যবস্থা রয়েছে। চিকিত্সক শাহানা বেগম বলেন, ‘আমি একজন গাইনির জুনিয়র কনসালটেন্ট অথচ রোগীসহ আমার বসার ভালো কোনো ব্যবস্থা নেই।’ এম এ জলিল বলেন, ‘ক্যাম্পাসে না থাকলেও আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি।’ আবাসিক চিকিত্সা কর্মকর্তার (আরএমও) দায়িত্বপ্রাপ্ত লিটন কুমার সাহা বলেন, ‘আমাদের সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি।’শুধু চিকিত্সকের সংকটই নয়, হাসপাতালটিতে রয়েছে আরও সমস্যা। চতুর্থ শ্রেণীর ২২টি পদের ১৪টিতে লোক কর্মরত থাকলেও সুইপারের পাঁচটি পদে একজন কর্মরত আছেন এবং ওয়ার্ডবয়ের তিনটি পদই শূন্য।হাসপাতালটিতে লোডশেডিংয়ের সময় আলো সরবরাহের জন্য প্রায় পাঁচ বছর আগে দুটি জেনারেটর সরবরাহ করা হলেও জ্বালানি তেলের সংস্থান না থাকায় তা কখনো চালু হয়নি বলে জানা যায়। ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে পুরুষ ও নারী-শিশু ওয়ার্ড। ওয়ার্ড দুটিতে প্রয়োজনীয়সংখ্যক বৈদ্যুতিক পাখা ও বাতি থাকলেও তার বেশির ভাগ ফ্যান ঘোরে না এবং বাল্ব জ্বলে না। বিদ্যুত্ চলে গেলে ওয়ার্ডসহ পুরো হাসপাতাল চত্বরে নেমে আসে অন্ধকার। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটির জন্য একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়। প্রথম চালক অবসরে চলে গেলে আর চালক দেওয়া হয়নি। এতে দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ২০০৬ সালের বন্যার পানিতে এটি ডুবে যায়। এতে অ্যাম্বুলেন্সটি আর কখনো সচল হয়নি। তবে ১৭ ডিসেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সটির জন্য নতুন একটি অ্যাম্বুলেন্সের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে আগত রোগীদের বিভিন্ন রোগের জন্য প্রায় একই ধরনের ওষুধ সরবরাহ করা হয়। এ ব্যাপারে আব্দুল গণি নামের একজন রোগী বলেন, ‘যেই অসুক নিয়াই হাসপাতালে আসি না কেন, কপালে জোটে প্যারাসিটামল আর এন্টাসিড।’ হাসপাতালের একটি সূত্র জানায়, এখানে কর্মরত কোনো চিকিত্সকই হাসপাতালের বাসায় থাকবেন না। তাঁরা দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষকে ম্যানেজ করে এভাবেই চলছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটির সার্বিক বিষয় নিয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাকের সঙ্গে। তিনি বলেন, ‘সীমিত লোকবল দিয়ে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা সুষ্ঠুভাবে প্রদান করা কঠিন। তার পরও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’ সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার বলেন, ‘সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করা হবে।’স্থানীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, ‘রায়গঞ্জ উপজেলাবাসীর স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে যা করা দরকার, তা-ই করা হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।’