রায়গঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি হয়নি ১৪ বছরেও
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌর বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। ১৪ বছর আগে ১৯৯৬ সালে ধানগড়ার ফুলজোড় নদীর ওপর বেইলি সেতু নির্মিত হওয়ার পর ধানগড়া থেকে সরাসরি জেলা শহর সিরাজগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়। এখানে গড়ে ওঠে একটি বাসস্ট্যান্ড। কিন্তু দীর্ঘ সময়েও যাত্রীছাউনি তৈরি না হওয়ায় যাত্রীদের রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাসের জন্য এখানে অপেক্ষা করতে হয়। ২০০৫ সালে রায়গঞ্জ পৌরসভা যাত্রা শুরু করলে বাসস্ট্যান্ডটি পৌরসভার অন্তর্ভুক্ত হয়। উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা এলাকাটি সবচেয়ে বেশি ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। কারণ, উপজেলা পরিষদে এবং ধানগড়া বাজার ও রায়গঞ্জে যাওয়ার একমাত্র সড়কটি বাসস্ট্যান্ড এলাকায়। কিন্তু বাসস্ট্যান্ডের পর্যাপ্ত জায়গা না থাকায় বাসগুলো সড়কের ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রী বাসে ওঠানামা করায়। ফলে বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে। এ জন্য পথচারীদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝেমধেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে জান-মালের ক্ষতি হয়। উপজেলা পরিষদে কর্মরত সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকালে বাড়ি থেকে অফিসে এবং বিকালে অফিস থেকে বাড়ি যাই। কিন্তু বাসস্ট্যান্ডে যেভাবে সব সময় যানজট লেগে থাকে, তাতে আসা-যাওয়ার সময় যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই যতই তাড়া থাকুক না কেন, বাসস্ট্যান্ড এলাকায় আসার পর আর কোনো রকম তাড়াহুড়ো করি না। প্রয়োজনে ১৫-২০ মিনিট দেরি করি। এ ছাড়া বাসস্ট্যান্ডের বয়স প্রায় ১৪ বছর হলেও এখন পর্যন্ত কোনো যাত্রীছাউনি নির্মিত হয়নি।’ ধানগড়া গ্রামের আজমল হুদা বলেন, গাড়িতে করে কোনো জায়গায় যাওয়ার সময় বাসে ওঠার পূর্ব পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয়।’ তারা অবিলম্বে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীছাউনি ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।রায়গঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, যাত্রীছাউনি তৈরির উদ্যোগ নেওয়া হবে।