রায়গঞ্জে অবহেলায় মহিলা ভোটাররা
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারণায় হাট-বাজার জমজমাট হয়ে উঠলেও মহিলা ভোটারদের কাছে এখনো প্রার্থীরা যাওয়া শুরু করেননি। ফলে ভোটের এই হাওয়ায় তাঁরা নিজেদের শামিল করতে পারছেন না। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে মহিলা ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় এসব কথা। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে প্রতিষ্ঠিত রায়গঞ্জ পৌরসভায় বর্তমানে ভোটারের সংখ্যা আট হাজার ৬২৪। এর মধ্যে মহিলা ভোটার অর্ধেক। চলতি নির্বাচনী হাওয়ায় এসব ভোটারের কাছে কোনো প্রার্থী এখন পর্যন্ত যাওয়া শুরু করেননি। পৌরসভার ধানগড়া এলাকার ভোটার মরিয়ম পারভীন বলেন, ‘শুনছি ভোটের উত্তাপ হাট-বাজারে ছড়িয়েছে। কিন্তু ভোটার হিসেবে আমাদের অবদান তাঁরা কম মূল্যায়ন করেন।’ রনতিথা এলাকার ভোটার নিঝুম আক্তার বলেন, ‘প্রার্থীরা বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে ভোটের বিষয়ে আলাপ-আলোচনা করলেও আমাদের সঙ্গে সাধারণত এ ব্যাপারে কথা বলেন না।’ মহিলা ভোটারদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজন প্রার্থী জানান, তাঁরা আপাতত এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছেই যাচ্ছেন, চাচ্ছেন দোয়া। ভোটের আগে সব ভোটারের কাছে যাওয়ার ইচ্ছা আছে তাঁদের।’