রায়গঞ্জে অবাধে চলছে ভটভটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে নিষিদ্ধ হলেও সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবাধে চলছে লাইসেন্সবিহীন শ্যালো মেশিনচালিত ভটভটি। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। মাঝেমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটে। তবে প্রাণহানির ঘটনা ঘটলেও ১০-১৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি আপস করে ফেলা হয় ঘটনাস্থলেই। তাই ভটভটি চলার বিধান না থাকলেও অবাধেই চলছে এগুলো।সরেজমিন ঘুরে জানা যায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে পাঙ্গাসী, পুরোনো চৌরাস্তা থেকে রলামথুরাপুর ও ব্রহ্মগাছা, ভূঁইয়াগাতী নিমগাছী হয়ে তাড়াশ, ধানগড়া থেকে চান্দাইকোনাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে লাইসেন্সবিহীন এসব ভটভটি চলাচল করে। যাত্রী পরিবহনসহ অতিরিক্ত মালামাল বোঝাই হয়ে এগুলো চলে।কয়েকজন যাত্রী ও চালক জানান, যাত্রী পরিবহনে রিকশা-ভ্যানের চেয়ে ভাড়া কম হওয়াসহ যাতায়াতে সময় কম লাগায় গ্রামের সাধারণ মানুষ এসব ভটভটিতে যাতায়াত করে বলে এসব অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলার ধানগড়া মধ্যপাড়ার নুরনবী বলেন, ‘আগে রিকশা চালাইতাম। প্রায় ৪৫ হাজার টাকা খরচ করে ভটভটি বানাইছি। কামাই আগের চেয়ে অনেক বাড়ছে।’মাংস ব্যবসায়ী স্বপন সরকার বলেন, ‘গরু-মহিষ আনা-নেওয়ার জন্য আলাদা কোনো যানবাহন না থাকায় ভটভটি আমাদের শেষ ভরসা। ৩৫-৪০ কিলোমিটার দূরের হাট থেকে গরু-মহিষ কিনে ভটভটি বোঝাই দিয়ে এলাকায় আনি। এতে সময়ও বাঁচে, খরচও কম হয়।’নূরুল ইসলাম নামের একজন কৃষক জানান, আগের মতো গরু-মহিষের গাড়ি না থাকায় ধান-চাল বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতে নিতে শ্যালোচালিত ভটভটির কোনো বিকল্প নেই। এতে রিকশা-ভ্যনের চেয়ে খরচ কম পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ভটভটির যেমন বৈধ অনুমতি নেই, তেমনি নেই এসব যানবাহনচালকের কোনো প্রশিক্ষণ। ফলে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। নিমগাছী ডিগ্রি কলেজের প্রভাষক অমলকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘সাত দিন আগে কলেজে যাওয়ার সময় ভটভটি উল্টে মারাত্মক আহত হয়েছি। অন্য যানবাহনের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ভটভটিতে চড়তে হয় বলে তিনি জানান।’ধানগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ মিয়া বলেন, অনেক সময় সময় বাঁচাতে ভটভটিতে উঠে দুর্ঘটনার শিকার হই। নাম প্রকাশ না করার শর্তে একজন ভটভটি মালিক বলেন, ‘অবৈধ হলেও জনগণের স্বার্থে আর প্রশাসনকে ম্যানেজ করেই আমরা চলছি।’ এ জন্য থানাকে প্রতিটি ভটভটির মাসোহারা দিতে হয় বলে তাঁরা জানান। মাঝেমধ্যে প্রশাসনিক ঝামেলা হলেও গ্রামাঞ্চলে যানবাহন হিসেবে ভটভটির আর বিকল্প নেই বলে তিনি বলেন।তবে মাসোহারা নেওয়ার ব্যাপারে রায়গঞ্জ ও সলঙ্গা থানার সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি। এ ব্যাপারে উপজেলা আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ জামান আশরাফ বলেন, মাঝেমধ্যে এসব অবৈধ ভটভটির বিরুদ্ধে অভিযান চালানো হলেও বাস্তবতার কারণে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তবে মহাসড়কে যেন ভটভটি না চলতে পারে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। ভটভটি-চালকদের কাছ থেকে মাসোহারা আদায় বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।