রায়গঞ্জে কম্পিউটার শিক্ষার দশা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষার অবস্থা খুবই নাজুক। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই এ বিষয়ে পড়ানো হলেও হাতে-কলমে শেখার সুযোগ নেই শিক্ষার্থীদের। ফলে শুধু নম্বর বেশি পেতেই কিছু ছাত্রছাত্রী কম্পিউটার বিষয়টি নিয়ে পড়ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি এবং ৩১টি দাখিল মাদ্রাসার মধ্যে ১২টিতে বিষয় হিসেবে কম্পিউটার পড়ানো হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীতে পাঠ্য বিষয় হিসেবে কম্পিউটার সম্পর্কে কিছু শিক্ষার্থী পড়ালেখা করলেও এ সম্পর্কে তাদের বাস্তব জ্ঞান কম। এ বিষয়ে চান্দাইকোনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ বলেন, সুযোগ-সুবিধা কম বলে দায়সারাভাবেই চলে এ বিষয়ে লেখাপড়া। কৃষ্ণদিয়া রইচা-ওবায়েদ উচ্চবিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহিল কাফি জানায়, শুধু বই পড়ে কম্পিউটারের কিছুই বোঝা যায় না। খোঁজ নিয়ে জানা যায়, মাদ্রাসা ও স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষক অন্যান্য বিষয়েও ক্লাস নেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা জানান, তাঁরা নিয়োগ পেয়েছেন কম্পিউটার শেখানোর জন্য। অথচ নিজের টাকায় কেনা কম্পিউটার রাখার জন্যও একটি ঘর পাওয়া যায় না। ফলে ছেলেমেয়েদের কম্পিউটার বিষয়ে যথাযথভাবে হাতেখড়ি দেওয়াও সম্ভব হয় না। আর এসব শিক্ষক দিন কাটান অন্যান্য বিষয়ের ক্লাস নিয়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, ‘পাঠ্যক্রমে কম্পিউটার বিষয়সংবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র আমরা কম্পোজ করে আনতে বলেছি। তারা এ নির্দেশ ঠিকমতোই পালন করছে। তাই আমরা ভাবছি, ওসব প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা যথাযথই হচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, কম্পিউটার শিক্ষার ব্যাপারে প্রতিষ্ঠানগুলোকে আরও যত্নবান হতে হবে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। এ জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোকে কম্পিউটার বিষয়ে পড়ালেখার পরিবেশ আরও সুষ্ঠু করতে হবে।