রায়গঞ্জে কৃষি উপকরণ সহায়তা কার্ড পাচ্ছেন ৪৫ হাজার কৃষক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৪৫ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা কার্ড পাচ্ছেন। কৃষকদের নামের তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৭৮ হাজার কৃষকের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৪৫ হাজার কৃষককে তালিকাভুক্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সূত্রমতে, সারা দেশের মতো রায়গঞ্জ উপজেলায় কৃষকদের সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড তৈরির কাজ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ৪৫ হাজার কার্ড উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। সেই মোতাবেক কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে তালিকা তৈরি করছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় ৭৭ হাজার ৭৮৩ জন কৃষক রয়েছেন। তাঁরা সবাই জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। তালিকাভুক্ত কৃষকেরা সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এসব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে—বীজ সরবরাহ, ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি ও কৃষিঋণ। চলতি বোরো মৌসুম থেকেই এ সুযোগ-সুবিধা কৃষকেরা পাবেন। সূত্র আরও জানায়, উপজেলার সব কৃষককেই পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হবে। আপাতত সরকারিভাবে যে কার্ড সরবরাহ করা হয়েছে, সেই পরিমাণ কৃষককে তালিকাভুক্ত করা হচ্ছে। পরবর্তী সময়ে আরও কার্ড সরবরাহ করার পরে তাদের তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্তির লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট একটি কার্যকর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও পৌরসভার কাউন্সিলর। চলতি মাসের মধ্যে এ তালিকার কাজ সম্পন্ন করা হবে বলে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অজিত কুমার সরকার জানান।