রায়গঞ্জে ঝুঁকি হ্রাস ঋণের ৩৩ লাখ টাকা খেলাপি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেওয়া ঝুঁকি হ্রাস ঋণের টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। এক বছর মেয়াদি এ প্রকল্পের সময় ২০০৬ সালের ডিসেম্বর মাসে শেষ হয়। কিন্তু এখনো ৩৩ লাখ টাকা অনাদায়ী রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালে চারদলীয় জোট সরকার এই ঋণ প্রকল্প চালু করে। এতে দুস্থ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা, কর্মী, সমর্থক এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যরা এই ঋণ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। রায়গঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রকল্পটির অধীন নয়টি ইউনিয়নে প্রায় ৭০০ জনকে ৫০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। ৮ শতাংশ সুদে প্রত্যেককে পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র ও নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ আবদুল মান্নান তালুকদার। তাঁর নির্বাচনী এলাকা হিসেবে রায়গঞ্জের বিএনপি-জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং ইউনিয়ন পরিষদের প্রভাবশালী সদস্যরা এই ঋণ পান। এ রকম ঋণ পাওয়ায় অনেকেই মনে করেন, বিএনপি-জামায়াত সরকার আবার ক্ষমতায় এলে ঋণ মওকুফ করা হবে। ফলে অনেকেই দু-এক কিস্তি দিলেও বাকিটা এখনো পরিশোধ করেননি। এ ঋণগ্রহীতা ধানগড়া ইউপি সদস্য সুজাবত আলী বলেন, ‘কিছু কিস্তি শোধ করেছি। পরে গাফিলতি করেই আর বাকি টাকা দেওয়া হয় নাই।’ নাম প্রকাশ না করে আরও কয়েকজন ঋণগ্রহীতা জানান, তাঁরা ভেবেছেন বিএনপি আবার ক্ষমতায় এলে ঋণটা আর পরিশোধ করা লাগবে না। ঋণ মওকুফ করে দেওয়া হবে। কিন্তু এখন আবারও তাগাদা দেওয়ায় তাঁরা তা পরিশোধের চিন্তা করছেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা ঋণের টাকা আদায় করতে না পেরে সংশ্লিষ্ট কাগজপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বলেন, ‘ঋণের অনাদায়ী টাকা আদায়ের চেষ্টা করছি। এ ব্যাপারে পদক্ষেপ নিতে পিআই অফিসকে জানিয়েছি।’ ধামাইনগর ইউপি চেয়ারম্যান রহমত আলী বলেন, ঘূর্ণায়মান এ ঋণের ব্যবস্থাটা ভালো ছিল। কিন্তু শতভাগ আদায় না হওয়ায় পরে আর এই ঋণ কাউকে দেওয়া সম্ভব হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিন্দার আলী বলেন, ‘যখন ঋণ দেওয়া হয়েছে তখন আমি এখানে ছিলাম না। উপজেলা ঝুঁকি হ্রাস ঋণ কমিটির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, সরকারি ঋণ ফেরত দিতেই হবে। খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।