রায়গঞ্জে দুটি সড়কে চলা কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ দুটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল বাসস্ট্যান্ড থেকে ধানগড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের প্রথম এক কিলোমিটার সংস্কার ও মেরামতের অভাবে চলার অযোগ্য হয়ে পড়েছে। অপর দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী থেকে গ্রামপাঙ্গাসী পর্যন্ত আধাপাকা সড়কটি চলার অযোগ্য হয়ে পড়েছে। ষোলমাইল বাসস্ট্যান্ড থেকে ধানগড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সড়কটির ষোলমাইল এলাকায় কার্পেটিং ও ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে এসব স্থানে কাদা ও পানি জমে। বর্তমানে সড়কটির এতই খারাপ অবস্থা যে পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বড় বড় গর্তের কারণে অনেক সময় যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে। তা ছাড়া প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। বাসচালক জামাল উদ্দিন বলেন, মহাসড়ক থেকে নেমেই খারাপ সড়কে পড়তে হয়। এ রাস্তার জন্য গাড়ির যেমন ক্ষতি হয়, তেমনি লোকজনও দুর্ঘটনায় পড়ে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত কামরুল ইসলাম বলেন, এই সড়কে প্রায়ই চলাফেরা করতে হয়। কিন্তু সড়কের অবস্থা এতই খারাপ যে বর্তমানে এইপথ দিয়ে চলাফেরা করি না। সড়কটির এই দুরবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজানা নয়। কারণ এই সড়ক দিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তি ও জনপ্রতিনিধিরা চলাফেরা করেন। তার পরও সড়কটি মেরামত করা হচ্ছে না। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তর সূত্র জানায়, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, ষোলমাইল-ধানগড়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি সিরাজগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত। এ বিষয়ে জেলা পরিষদের একটি সূত্র জানায়, প্রয়োজনীয় বরাদ্দ পেলে ওই রাস্তা মেরামত করা হবে। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইদুল ইসলাম বলেন, প্রায় ১০ বছর আগে কোনোমতে সড়কটি মেরামত করা হয়েছিল। নিম্নমানের কাজ হওয়ায় অল্প দিনেই সড়কটি আবারও বেহাল হয়ে পড়ে। অপর দিকে হাটপাঙ্গাসী থেকে গ্রামপাঙ্গাসী পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ আধাপাকা সড়কটির অর্ধেক অংশ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পাকা করা হয়। বাকিটুকু ইট বিছানো হয়। সড়কের পাকা অংশের অনেক স্থানে কার্পেটিং ও সিলকোট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইট বিছানো অংশে ইট উঠে কাদাপানি জমে থাকে। এই সড়কটি এলাকায় খুবই গুরুত্বপূর্ণ। এলাকার রফিক উদ্দিন বলেন, উপজেলার মধ্যে সম্ভবত পাঙ্গাসী ইউনিয়নেই পাকা সড়কের পরিমাণ সবচেয়ে অল্প। যেটুকু আছে, তাও মেরামতের অভাবে চলার অযোগ্য হয়ে পড়েছে। পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আমলগীর কবির খান বলেন, চলাচলের ক্ষেত্রে এলাকাবাসী খুবই দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব তাড়াতাড়ি সড়কটির বাকি অংশ পাকা করা ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি জানান তিনি। উপজেলা প্রকৌশলী মো. আনসার আলী বলেন, হাটপাঙ্গাসী থেকে গ্রামপাঙ্গাসী পর্যন্ত সড়কটি মেরামত ও নির্মাণ অল্প দিনের মধ্যেই শুরু করা হবে।