রায়গঞ্জে ফলে বিষাক্ত কেমিক্যাল
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেদার পাকানো হচ্ছে কলা। প্রশাসনের নাকের ডগায় এসব কলা বিক্রি হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সরেজমিনে দেখা যায়, কাঁচা ও অপরিপুষ্ট কলা গুদামজাতের পর গুদামের ভেতরেই বড় বড় বালতিতে কেমিক্যাল মেশানো পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হয়। পরে সেগুলো তুলে ছালা দিয়ে তিন থেকে পাঁচ ঘণ্টা ঢেকে রাখলেই পাকা রং ধারণ করে। আর আপেল, কমলা, আঙুর, নাসপাতি ও পেঁপেসহ পচনশীল ফলে ধুমসে স্প্রে করা হচ্ছে ফরমালিন। শুরুতে খুব গোপনে এসব করা হলেও এখন অনেকটা ওপেনসিক্রেট সবকিছু। প্রয়োজনের তাগিদে সবাই জেনেশুনে কিনতে বাধ্য হচ্ছে এসব বিষাক্ত ফল। কেননা কেমিক্যাল দিয়ে পাকানো ফল ছাড়া কোনো ফলই এখন বাজারে নেই।ধানগড়া গ্রামের শাহিনুল ইসলাম জানান, পরিবারের লোকজনের আবদার রক্ষার জন্য এসব ফল কিনতে হয়। সজিব সরকার বলেন, ‘কেমিক্যাল দিয়ে পাকানো হয় বলে কলা খাওয়াই ছেড়ে দিয়েছি। এখন শুনি আপেল, আঙুরেও নাকি কেমিক্যাল মেশানো থাকে। তাহলে আমরা খাবো কী?’ এদিকে রমজান শুরু হওয়ায় হাটবাজারগুলোতে কলাসহ বিভিন্ন ফলের চাহিদা অনেক বেড়ে গেছে। কেমিক্যাল মেশানো কলাসহ এসব ফল খেলে শারীরিক সমস্যা হতে পারে জেনেও মানুষ কিনতে বাধ্য হচ্ছে।ধানগড়া বাজারের ব্যবসায়ী আরমান আলী বলেন, ‘আমরা মোকাম থেকে এসব কিনে বিক্রি করি। কখনো কেউ অভিযোগ করেনি।’কেমিক্যাল মেশানো কলাসহ অন্য ফল খাওয়া প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাক বলেন, ফল মানুষ ওষধি গুণের জন্য খায়। কিন্তু এখন যেসব ফল তারা খাচ্ছে, তা উল্টো নানা রোগের সৃষ্টি করবে। এগুলো খেয়ে মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাচ্ছে না ঠিকই, তবে পাকস্থলী, লিভার ও কিডনিতে ইনফেকশনসহ নানা প্রকার জটিলতা এমনকি ক্যানসারও হতে পারে।এদিকে উপজেলা জনস্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, লোকবলের অভাবে প্রতিটি হাটবাজারে গিয়ে এসব বিষয়ে খোঁজ রাখা কঠিন।